তিন খুনের বিচার দাবিতে গাইবান্ধায় সাঁওতালদের বিক্ষোভ
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪, ১০:৪৬
গাইবান্ধায় তিন সাঁওতাল হত্যা, বাড়িঘরে হামলা অগ্নিসংযোগ ও লুটপাটের সঙ্গে জড়িত সাবেক এমপিসহ দোষীদের গ্রেফতার ও বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন সাঁওতালরা। পরে গাইবান্ধা পুলিশ সুপার বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি ও আদিবাসী বাঙালি সংহতি পরিষদের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল হয়।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে সাঁওতাল নারী-পুরুষ ও বাঙালিরা দুপুরে গাইবান্ধা শহরে আসেন। পৈত্রিক জমি ফেরত, তিন সাঁওতাল হত্যার বিচার ও সাবেক এমপি আবুল কালাম আজাদসহ তার সহযোগিদের গ্রেপ্তার দাবিতে অনুষ্ঠিত বিক্ষোভ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এসপি অফিসের গেটে জমায়েত হয়। সেখানে সমাবেশ হয়।
সমাবেশে বক্তব্য দেন, আদিবাসী নেতা ডা. ফিলিমন বাসকে, জেলা বারের সাবেক সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম বাবু, ফারুক আহম্মেদ, সাঁওতাল নেত্রী প্রিসিলা মুর্মু প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ‘২০১৬ সালের ৬ নভেম্বর পুলিশসহ এমপি আবুল কালাম আজাদের লোকজন ও সুগার মিলের কর্মকর্তা কর্মচারীরা অস্ত্রশন্ত্র নিয়ে বাগদা ফার্ম এলাকায় সাঁওতাল পল্লীতে হামলা চালায়। হামলাকারীরা নির্বিচারে সাঁওতাল নারী-শিশু ও পুরুষদের উপর গুলি চালায়। এ সময় পুলিশের গুলিতে স্যামল হেমব্রম, মঙ্গল মার্ডি ও রমেশ টুডুসহ তিন সাঁওতাল গুলিতে নিহত হন।’
বক্তারা বলেন, ‘আহত হন ৯ পুলিশসহ শতাধিক ব্যক্তি। এ ব্যাপারে সাঁওতালরা বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি।’
এআর/এমইউ

