বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল ও যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ বিএনপির ২২ নেতাকর্মী খালাস পেয়েছেন।
পুলিশের কর্তব্য কাজে বাধা দেওয়ার অভিযোগে রাজধানীর পল্টন থানার মামলায় আপিল শুনানি শেষে তাদের বেকসুর খালাস দেওয়া হয়।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) ঢাকার বিশেষ জজ-১ এর বিচারক আবুল কাশেম এ আদেশ দেন।
গত বছরের ২০ নভেম্বর ঢাকা এ মামলায় দুই বছরের কারাদণ্ড দেয় ম্যাজিস্ট্রেট আদালত। এই রায়ের বিরুদ্ধে পরে আপিল করা হয়।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৭ সালের ২৮ অক্টোবর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় হয়ে ফেনী যাওয়ার কথা ছিল।
তিনি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গেলে আসামিরা পুলিশের কাজে বাধা দেন ও পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়েন। এতে কর্তব্যরত পুলিশ আহত হন।
এ ঘটনায় পল্টন মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বাদী হয়ে একটি মামলা করেন। ২০১৯ সালের ৬ আগস্ট আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়। চার্জ গঠন করার পর বিচার চলাকালে পাঁচজনের সাক্ষ্য নেওয়া হয়।
জেইউ/এমইউ

