সংবাদ সম্মেলনে অভিযোগ
জোরপূর্বক মসজিদের পুকুরের মাছ ধরে নেন ওলামালীগ নেতা
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪, ১১:১৭
সিরাজগঞ্জের তাড়াশে জোরপূর্বক মসজিদের পুকুরের মাছ ধরে নেওয়ার অভিযোগ উঠেছে ওলামালীগ নেতার বিরুদ্ধে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) তাড়াশ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।
এ অভিযোগ করেন উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের জন্তিহার দক্ষিণপাড়ার জন সাধারণের পক্ষে জহুরুল ইসলাম। লিখিত বক্তব্যে বলেন, আগপুকুর এলাকার পুকুর উপজেলা মৎস্য অফিস থেকে সুফলভোগীদের নামে লিজ নিয়ে মসজিদের উন্নয়ন কাজ করা হয়। কিন্তু ওই গ্রামের বাসিন্দা ও ওলামালীগের সদস্য আব্দুর রাজ্জাক এবং আওয়ামী লীগ সমর্থিত আব্দুল আজিজ গংয়ের লোকজন সুফলভোগীদের মাছ চাষ করতে না দিয়ে জোরপূর্বক ওই পুকুর থেকে মাছ ধরে নেন। এতে প্রায় ৪ লক্ষ টাকার ক্ষতিসাধন হয়।’
তিনি বলেন, ‘ওই মসজিদের মোয়াজ্জিন নূরুল ইসলামকে মসজিদ থেকে বের করে দেওয়া হয়। মসজিদের বৈধ কমিটি থাকা সত্ত্বেও তারা অমান্য করে মসজিদের সম্পদ ক্ষতি করছেন। গত মঙ্গলবার দুপুরে ওই গ্রামে মসজিদ সংলগ্ন আগপুকুর এলাকায় আমাদের জড়িয়ে এক মিথ্যা মানববন্ধন কর্মসূচি করা হয়েছে ‘
তিনি আরও বলেন, ‘মসজিদে আমাদের নামাজ পড়তে যেতে বাধা দেওয়া হচ্ছে। এরই জের ধরে কয়েক দিন আগে রাজ্জাক ও আজিজ গং আমাদের পরিবারের উপর হামলা করে আমার বৃদ্ধ বাবা ফজলার রহমানসহ পরিবারের অন্যান্য সদস্যদের মারধর করে। প্রভাবশালী হওয়ায় আজিজ ও রাজ্জাক গংয়ের লোকজন অবৈধ ভাবে আমাদের সমাজচ্যুত করে রেখেছেন। পাশাপাশি আমাদের ব্যক্তি মালিকানাধিন পুকুরও বেদখল করেছেন। আমরা অন্যায়ের প্রতিকারের জন্য আইনের আশ্রয় নিলেও তার নানা ভাবে হুমকি-ধামকি দিচ্ছেন।’
সংবাদ সম্মেলনে মসজিদের উন্নয়নে আগপুকুরটি অবৈধ দখলমুক্ত, মসজিদের বৈধ কমিটি পুনর্বহাল এবং সমাজচ্যুত সমস্যার সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করা হয়।
এমএম/এমইউ

