সাভারের নামা বাজারে বাশপট্টিতে ও আশুলিয়ায় একটি বিস্কুট কারখানায় পৃথক দুটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে এতে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
বৃহস্পতিবার দুপুর ১টার দিকে সাভার নামা বাজারের বাশপট্টিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে অন্তত ৭-৮টি দোকান পুড়ে যায়। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে এসে দুই ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে।
ফায়ার সার্ভিস জানায়, দুপুরে একটি ঝুটের গোডাউন থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই তা ছড়িয়ে পরে আশপাশের দোকানগুলোতে। এ সময় বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসী মিলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে সাভার ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ আনে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল ইসলাম বলেন, খবর ছিল বাসাবাড়িতে আগুন লেগেছে। এজন্য পাম্প টানা গাড়ি ও অগ্নিনির্বাপণ গাড়ি প্রাথমিকভাবে আসে। যানজটের কারণে পৌঁছাতে বিলম্ব হয়। এসে দেখি বাসাবাড়ি নয়, ঝুট গোডাউনে আগুন। তার পাশে তুলা গোডাউনে আগুনের উৎপত্তি হয়। আগুনের শিখা ১০ মিনিটের মধ্যে নির্বাপণ করতে সক্ষম হই। পানির সূত্র না থাকায়, হেমায়েতপুরে সহযোগিতা চাই, সেখান থেকে পানিবাহী গাড়ি আসে। তারাও কাজ করে। এজন্য দ্রুত আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি। তদন্তের পর ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ জানাতে পারব।
এদিকে সকালে আশুলিয়ায় আশুলিয়ার পলাশবাড়ী এলাকার অলিম্পিক বিস্কুট ফ্যাক্টরির দো’তলা একটি টিন শেড রুমে আগুন লাগলে কারখানা কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসের খবর দেয়। পরে ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনা স্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
জিরাবো মডার্ন ফায়ার স্টেশনের সিনিয়র =অফিসার আবু সায়েম মাসুম জানান, সাড়ে ১১টার দিকে খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছি। অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতি ও আগুনের সূত্রপাতের কারণ জানা যায়নি।
আরিফুল ইসলাম সাব্বির/বিএইচ

