স্কুলে আসার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিক্ষকের
সালথা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪, ১২:২২
ফরিদপুরের সালথায় স্কুলে আসার পথে দুই মোটরসাইকেলের সংঘর্ষে মো. এসকেন্দার আলী (৫৫) নামে এক প্রধান শিক্ষক মারা গেছেন।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে গুরুতর আহত আবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
এ ঘটনায় মিজানুর রহমান নামে আরেক সহকারী শিক্ষক আহত হলে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। নিহত এসকেন্দার সালথা উপজেলার আটঘর ইউনিয়নের খোয়ার গ্রামের মৃত রশিদ ফকিরের ছেলে ও গোয়ালপাড়া সরকারি প্রাথামিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
আহত গোয়ালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারী শিক্ষক মো. মিজানুর রহমান বলেন, ‘প্রধান শিক্ষক এসকেন্দার আলী ফরিদপুর শহরের বাসায় বসবাস করেন। আমিও শহরে থাকি। সেখান থেকে আমরা প্রতিদিন মোটরসাইকেলযোগে স্কুলে যাওয়া-আসা করি।’
তিনি আরও বলেন, ‘বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ফরিদপুর শহরের বাসা থেকে প্রধান শিক্ষক এসকেন্দার আলী আর আমি মোটরসাইকেল করে স্কুলে আসছিলাম। কানাইপুর ইউনিয়নের রামখন্ড মোড়ে গ্রামের ভেতরের একটি সড়ক দিয়ে আসা আরেকটি মোটরসাইকেলের সাথে আমাদের মোটরাসাইকেলের সংঘর্ষ হয়। এতে প্রধান শিক্ষক মাথায় প্রচণ্ড আঘাত পান।
আমি সামান্য আহত হই। পরে তাকে উদ্ধার করে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেলে রেফাড করেন। পরে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।’
মৃত্যুর বিষয়টি করেছেন সালথা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. মাইনুল ইসলাম।
পিএম/এমইউ

