বাউফলে সাবেক পৌর কাউন্সিলরসহ গ্রেপ্তার ৩
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:১৩
পটুয়াখালীর বাউফলে বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্ট চালিয়ে সাবেক কাউন্সিলর ও পৌর যুবলীগের নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাত ১২টা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- পৌরসভার ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পৌর যুবলীগের নেতা বেল্লাল হোসেন, কালাইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ১নং ওয়ার্ডের ইউপি সদস্য ফকরুল ইসলাম ফোরকান এবং সূর্যমনি ইউনিয়নের ১নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সহসভাপতি ইমরান ব্যাপারী।
পুলিশ জানিয়েছে, ২০২২ সালে বাউফল সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের এক সভায় হামলা, ভাঙচুর ও জখমের ঘটনা ঘটে। এ ঘটনায় ২০২৩ সালের ২৪ আগস্ট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খলিলুর রহমান বাউফল থানায় মামলা করেন। মামলার তদন্তে আসামিদের সংশ্লিষ্টতা পাওয়া যায়।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন বলেন, অপারেশন ডেভিল হান্ট অভিযানে আসামিরা গ্রেপ্তার হয়েছে। তাদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় বিশেষ এ অভিযান চলমান থাকবে।
আরিফুল ইসলাম সাগর/এমবি

