Logo

সারাদেশ

‘জনগণ সংস্কারের নামে আরেকটা বিশৃঙ্খলা চায় না’

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪, ১৩:২৫

অ
‘জনগণ সংস্কারের নামে আরেকটা বিশৃঙ্খলা চায় না’

জনগণ সংস্কারের নামে আরেকটা বিশৃঙ্খলা চায় না বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন। তিনি বলেন, ‘জনগণ তাদের ভোটে নির্বাচিত সরকার দেখতে চায়। সে নির্বাচিত সরকার দেখার জন্য অন্তবর্তীকালীন সরকার সংস্কারের নামে যাতে সময় ক্ষেপণ না করে, সেটাই জনগণের চাওয়া।’

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে চাঁদপুরের শাহরাস্তি প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘দেশের মানুষ চায়, সংস্কারের নামে যাতে বাংলাদেশে আরেকটা বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। আমরা অন্তবর্তীকালীন সরকারকে অনুরোধ করব, অনতিবিলম্বে সংস্কারের কাজ সম্পন্ন করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার করেন। যাতে মানুষ জানতে পারে সংস্কারে কতটুকু সময় লাগতে পারে।’

তিনি আরও বলেন, ‘সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমেই জাতি আগামী দিনের দিগন্ত খুঁজে পাবে। দীর্ঘ ১৫ বছর সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে পারেননি। অবৈধ সরকার আপনাদের গলা টিপে ধরেছে। আগামীতে যদি বিএনপি ক্ষমতায় আসে, আপনারা নিশ্চিত থাকতে পারেন, তারেক রহমানের নেতৃত্বে সংবাদপত্রের স্বাধীনতা খুঁজে পাবেন। মুক্ত বিহঙ্গের মতো আপনারা আপনাদের সংবাদ পরিবেশন করবেন, কোনো বাধা থাকবে না ‘

বিএনপির এই নেতা বলেন, ‘আওয়ামী লীগের বিগত সময়ে কোনো সংবাদ করতে বললেই তাদের কথামতো সত্যকে মিথ্যায় রূপান্তর করে প্রকাশ করতে বাধ্য করেছে। বর্তমানে সে বাধা অতিক্রম করে আপনারা কাঙ্ক্ষিত দেশ পাওয়ার জন্য যে বলিষ্ঠ ভূমিকা রাখা প্রয়োজন, সে ভূমিকা রাখতে পারছেন।’

খোকন বলেন, ‘আমরা শহীদ জিয়ার স্বাধীনতার ঘোষণার মাধ্যমে দেশ স্বাধীন করেছি। কিন্তু আজও স্বাধীনতার স্বাদ পাইনি। সে স্বাধীনতার স্বাদ পাওয়ার জন্য সাংবাদিকদের লেখার মাধ্যমে আঠারো কোটি মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে।’

জনগণ ভোট কী তা ভুলে গেছে উল্লেখ করে তিনি বলেন, ‘গত ১৫ বছরে জনগণ ভোট কি এ কথা ভুলে গেছে। আমাদের নেতা তারেক রহমান ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন, আপনারা আগামীতে কাকে ভোট দেবেন, সেটা বিবেচ্য বিষয় নয় ‘ 

সংস্কার একটি চলমান প্রক্রিয়া উল্লেখ করে খোকন বলেন, ‘বিএনপি ইতোমধ্যে জানিয়েছে এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। কারণ এই সরকার ১৮ কোটি মানুষের আন্দোলনের ফসল। সংস্কারের নামে মানুষ যেন ভোগান্তিতে না পড়ে, মানুষ যাতে দিকহীন না হয়ে যায়। আমরা চাই, অবাধ সুষ্ঠু সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন করার জন্য যতটুকু সংস্কার প্রয়োজন, ততটুক করে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা হোক। নির্বাচিত সরকার বাকি সংস্কারকাজ সম্পন্ন করবে।’

মতবিনিময় সভায় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মোশাররফ হোসেন, শাহরাস্তি পৌরসভার সাবেক মেয়র মোস্তফা কামাল, হাজীগঞ্জ উপজেলা বিএনপি নেতা মো. আবুল বাসার উপস্থিত ছিলেন।

এবি/এমইউ

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন