শ্রীপুরে বাসের ধাক্কায় প্রাণ গেল অটোচালকের
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৫৪
গাজীপুরের শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় মো. সুজন (২৩) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশা চালক নিহত হয়েছেন। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বেড়াইদেরচালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুজন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার শ্রীরামপুর গ্রামের ইয়াকুব আলীর ছেলে। তিনি শ্রীপুরের বকুলতলা গ্রামে ভাড়া থাকতেন এবং ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, সুজন গড়গড়িয়া মাস্টার বাড়ি থেকে যাত্রী নিয়ে মাওনা চৌরাস্তা যাচ্ছিলেন। পথে বেড়াইদেরচালা এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি অজ্ঞাত বাস তার অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়েন। পরে পেছন থেকে আসা আরেকটি অজ্ঞাত মাইক্রোবাস তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আয়ূব আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনায় জড়িত গাড়িগুলো চিহ্নিত করার চেষ্টা চলছে।
সোহেল/এমবি

