Logo

সারাদেশ

‘কুরআন-সুন্নাহর আইন ছাড়া দেশে শান্তি আসবে না’

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪, ১৩:৩৯

অ
‘কুরআন-সুন্নাহর আইন ছাড়া দেশে শান্তি আসবে না’

বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেছেন, ‘কুরআন-সুন্নাহর আইন ছাড়া অন্য কোনো আইনের মাধ্যমে দেশে শান্তি আসতে পারে না। জমিন আল্লাহর হুকুমও চলবে আল্লাহর। কুরআন-সুন্নাহর চর্চা ও বাস্তবায়ন হলে দেশে শান্তি আসবে।’

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে হাফেজ্জী রহ. সমাজকল্যাণ পরিষদ চাঁদপুর জেলার উদ্যোগে আয়োজিত সিরাত কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

২০১৩ সালে হেফাজতে ইসলামের আন্দোলন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব শহীদের স্মরণে চাঁদপুর শহীদ মিনার চত্বরে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।

খেলাফত আন্দোলনের মহাসচিব বলেন, ‘আপনারা অতীতে অনেক ধরনের শাসন দেখেছেন, কিন্তু এ দেশের জনগণের ভোগান্তি কমেনি। মানুষের বানানো তন্ত্র-মন্ত্র দিয়ে কখনো একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়। জনগণের ওপর এই ধরনের মতবাদ চাপিয়ে দিয়ে সফলতা আসেনি।’

তিনি বলেন, ‘দেশের জনগণকে সুদ, ঘুষ, দুর্নীতিসহ সব অপরাধমূলক কাজ থেকে ফিরিয়ে আনতে হলে কুরআন ও হাদিসের চর্চা বাড়াতে হবে। তাহলেই দেশের ১৮ কোটি মানুষ মুক্তির প্রকৃত দিশা পাবে।’

হাফেজ্জী রহ. সমাজকল্যাণ পরিষদ চাঁদপুর জেলার আহ্বায়ক মুফতি শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সদস্যসচিব মনিরুল ইসলাম কাসেমীর সঞ্চালনায় কনফারেন্সে বক্তব্য দেন, খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী।

তিনি বলেন, ‘মহানবী (সা.) সব শ্রেণি ও পেশার মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছেন। আইয়ামে জাহেলিয়াত বা বর্বরতার যুগকে অল্প দিনেই সোনালী যুগে রূপান্তরিত করতে সক্ষম হয়েছিলেন।’

তিনি আরও বলেন, ‘আদর্শ মানুষ, পরিবার, সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা করে তিনি মহত্তম দৃষ্টান্ত স্থাপন করেছেন। হজরত মুহাম্মদ সা. ছিলেন আল্লাহর নবী, একজন আদর্শ শিক্ষক, সমাজসেবক, আদর্শ রাষ্ট্রবিজ্ঞানী ও রাষ্ট্রনায়ক। মহানবীর আদর্শের মাঝেই রয়েছে দুনিয়া ও আখেরাতের সমস্যার সমাধান।’

হামিদী বলেন, দুর্নীতি, সন্ত্রাস, মাদক, ধর্ষণ, জুলুম-শোষন, অরাজকতাসহ সকল অপরাধের মূলোৎপাটন একমাত্র মহানবীর আদর্শভিত্তিক খেলাফত শাসনব্যবস্থার মাধ্যমেই করা সম্ভব। ইসলাম একটি স্বয়ংসম্পূর্ণ ও সর্বজনীন জীবন ব্যবস্থা। মদিনার অনুকরণে ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি।

এবি/এমইউ

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন