দুর্বৃত্তের হামলায় নাট্য অভিনেতা গুলিবিদ্ধ
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:২৮
ঢাকার আশুলিয়ায় দুর্বৃত্তের গুলিতে নিজ বাড়িতে গুলিবিদ্ধ হয়েছেন নাট্য অভিনেতা আজিজুর রহমান আজাদ। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (২৩ ফেব্রুয়ারি) ভোর রাতে আশুলিয়ার জিরাবো এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় তার বাবা, মা ও তার স্ত্রীও মারধরের শিকার হোন।
আহত আজিজুর রহমান আজাদ আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের জিরাবো বেপারীপাড়া এলাকার আমির আলীর ছেলে। তিনি ছোটপর্দায় জনপ্রিয় নাট্য অভিনেতা।
এলাকাবাসী জানান, নাট্য অভিনেতা আজিজুর তার মা, বাবা ও স্ত্রীকে নিয়ে নিজ বাড়িতে বসবাস করেন। রোববার ভোর রাতে তাদের তিনতলা বাড়ির দুতলার রান্না ঘরের গ্রীল কেটে তিনজন অস্ত্রধারী ঘরে প্রবেশ করে। এ সময় অভিনেতা আজাদ ও তার স্ত্রী বিষয়টি বুঝতে পেরে বের হন। তখন দুর্বৃত্তরা আজাদকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে আজাদের দুই পায়ে তিনটি গুলি লাগে। একই সময় তার স্ত্রী রোকসানা হককেও রান্না করার কড়াই দিয়ে আঘাত করে এবং তার বাবা আমির আলী, মামা আজিজুর নেহারকে মারধর করে আহত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
পরে স্থানীয়রা আজাদকে উদ্ধার করে রাজধানীর উত্তরায় শিপ ইন্টারন্যাশনাল হাসপাতালে ভর্তি করেন।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ নূর আলম সিদ্দিক বলেন, ভোর রাতে দুর্বৃত্তরা রান্নাঘরের জানালার গ্রীল কেটে বাড়িতে প্রবেশ করে। এ সময় আজাদ বুঝতে পেরে বের হলে তার দুই পায়ে গুলি করে। তার স্ত্রী বের হলে তাকেও মারধর করে পালিয়ে যায় তারা।
তিনি আরও বলন, তাদের বাড়ির কোনো জিনিসপত্রও খোয়া যায়নি। কোন উদ্দেশ্যে গুলি করা হয়েছে তা স্পষ্ট নয়। সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।
হাসান ভুঁইয়া/এমজে

