এক গাছ ফল দিবে ৬ বার
লাইটিং পদ্ধতিতে ড্রাগন চাষ
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৪, ০৬:৫৩
ছবি : বাংলাদেশের খবর
দূর থেকে মনে হবে মাঠজুড়ে যেন জোনাকির মিটিমিটি জ্বলছে। আসলে জোনাকি নয় সারি সারি টাঙানো হয়েছে লাইট। আর তারই নিচে সবুজ ড্রাগন গাছ ও সাদা ফুলের হাতছানি। যেন আঁধার রাতে আলো আর সবুজ-সাদার মিলনমেলা। এমন নজরকাড়া দৃশ্যের দেখা মিলবে ঝিনাইদহের বাগানগুলোতে।
সন্ধ্যা হলেই বৈদ্যুতিক বাতি জ্বলে ওঠে ঝিনাইদহের ড্রাগন ফলের বাগানে। দূর থেকে দেখে মনে হয় হাজারো তারার মেলা। প্রতিটা ড্রাগন গাছের মাথার ওপর একটি করে লাইট জ্বালানো। প্রতিটা গাছেই ফল ধরে আছে আবার ফুলও ফুটতে শুরু করেছে। সন্ধ্যা নামার সাথে সাথে লাইটগুলো জ্বালানোর পর তা অপরূপ সৌন্দর্যে রূপ নেয়। শীতকালেও বাড়তি ফলনের আশায় কৃত্তিম পদ্ধতিতে এমন পরিবেশ তৈরি করেছে জেলার উদ্যোক্তা ও কৃষকেরা। আর এতে জেলাজুড়ে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে বৈদ্যুতিক বাতি জ্বালিয়ে ড্রাগন ফলের চাষ। শীত মৌসুমে বাড়তি ফল উৎপাদনের আশায় জেলাজুড়ে শত শত বিঘা জমিতে এই পদ্ধতিতে ড্রাগন ফল চাষ বেশ সাড়া ফেলেছে।
সন্ধ্যার পর বৈদ্যুতিক বাতির ঝলকানি আর ড্রাগন ফুলে ভরা সবুজ বাগান দেখতে ভিড় করছেন স্থানীয় নারী-পুরুষসহ উৎসুক জনতা। এছাড়া প্রতিদিন বিভিন্ন জেলা থেকেও ছুঁটে আসছেন শত শত দর্শনার্থীরা। তবে শুধু এই দৃশ্য দেখতে নয়, কেউ কেউ আসছেন এই চাষ পদ্ধতি শিখতেও।
ঝিনাইদহ জেলায় গত কয়েকবছরে ড্রাগনের চাষ ব্যাপক হারে জনপ্রিয়তা পেয়েছে। এখানকার কৃষকেরা ঝুঁকছে এই লাভজনক চাষাবাদে।
এদিকে ড্রাগনের বাগানগুলোতে কর্মসংস্থানের সুযোগ হয়েছে কয়েক শতাধিক মানুষের। তারা বাগানে কাজ করে মাসে ১২-১৫ হাজার টাকা আয় করছেন। এতে তাদের পরিবারে ফিরেছে স্বচ্ছলতা।
স্থানীয় ড্রাগন চাষিরা জানান, চীন ও বাইরের দেশগুলো থেকে বিশেষ ধরণের লাইট এনে রাতে ‘লাইট ইনডোর্স’ পদ্ধতিতে ড্রাগনের পরিচর্যা শুরু হয়েছে। যা অসময়ে স্বাস্থ্য সম্মত ড্রাগন ফল উৎপাদনে ব্যাপক ভূমিকা রাখছে।
তাদের দাবি, আলোর কারণে বাগানে ফুলের সংখ্যা অন্য সময়ের চেয়ে কয়েকগুন বেড়েছে। এছাড়া বছরে মাত্র একবার গাছ লাগিয়ে বিঘাপ্রতি ৬/৭ বার ফল পাওয়া সম্ভব। এভাবে বছরে লাখ লাখ টাকা আয় করা সম্ভব।
কৃষি বিভাগের তথ্যমতে, জেলায় এবার ১ হাজার ২০০ হেক্টর জমিতে ড্রাগন চাষ হয়েছে। এর মধ্যে বৈদ্যুতিক বাতি জ্বালিয়ে অর্থাৎ কৃত্তিম পদ্ধতিতে ১৩ হেক্টর জমিতে ড্রাগন চাষ করা হচ্ছে।
এ বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ষষ্টি চন্দ্র রায় বলেন, ‘লাইটিং পদ্ধতিতে চাষ করলে শীতকালীন সময়েও ড্রাগন ফল পাওয়া যায় এবং ফলের মানও বেশ ভালো হয়। এতে করে চাষিরা সারাবছর গাছ থেকে ড্রাগন সংগ্রহ করতে পারে।’
এম বুরহান উদ্দিন/এমআই

