জীবিত স্বামীকে মৃত দেখিয়ে মামলা, বাদীসহ আটক ৩
সাভার প্রতিনিধি
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৪, ০৭:৫২
ছবি : প্রতিনিধি
ছাত্র-জনতার আন্দোলনে জীবিত স্বামী আল-আমীনকে মৃত দেখিয়ে ১৩০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন কুলসুম নামের এক নারী। বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। পরে এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে মামলার বাদীসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।
আটকৃতরা হলেন- মানিকগঞ্জ জেলার শিবালয় থানার টেপড়া গ্রামের মেছের আলীর ছেলে শফিকুর রহমান ও একই জেলার ঘিওর থানার ফুলহারা গ্রামের মৃত মাসুম আলীর ছেলে রুহুল আমীন এবং মামলার বাদী কুলসুম বেগম।
জানা গেছে, বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে কক্সবাজারের আলেকজাহান এসএম পাড়ার একটি বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়।
মামলার বাদী কুলসুম বেগম বলেন, ‘শফিকুর রহমান চাকরি দেওয়ার কথা বলে আমার জন্ম নিবন্ধন নেয়। পরে (আমার স্বামী) রুহুল আমীনকে সাথে নিয়ে শফিকুর রহমান মামলা প্রস্তুত করে। আমি রাজি না হলে তারা আমাকে নানা রকম ভয়ভীতি দেখায়। আমাকে ব্ল্যাকমেল করে যা-তা করাতে বাধ্য করেছে।’
স্বামী জীবিত থাকার বিষয়টি স্বীকার করে কুলসুম বলেন, ‘জীবিত আল-আমীনই আমার স্বামী। তিনি বেঁচে আছেন। চাকরি দেওয়ার কথা বলে জন্ম নিবন্ধন নিয়ে আমাকে ব্ল্যাকমেল করে মিথ্যা মামলার বাদী বানিয়েছেন।’
এ বিষয়ে আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, ‘জীবিত স্বামীকে মৃত দেখিয়ে ছাত্র-জনতার আন্দোলনে হত্যা মামলা দায়েরের ঘটনায় বাদীসহ তিনজনকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
হাসান ভুঁইয়া/এমআই

