সংবাদ প্রকাশের জেরে
সাংবাদিককে হত্যার হুমকি, থানায় জিডি
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৪, ০৯:১৫
ছবি : সংগৃহীত
মানিকগঞ্জে সিংগাইরের সুজন মোল্লা (৩৬) নামে এক সাংবাদিককে প্রাণ নাশের হুমকির অভিযোগ উঠেছে ইন্তাজ খা এবং তার সহযোগীদের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাতে সিংগাইর থানায় হুমকি দাতাদের বিরুদ্ধে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী সুজন মোল্লা।
সুজন মোল্লা গ্লোবাল টেলিভিশন, আজকের পত্রিকাসহ কয়েকটি পত্রিকায় কর্মরত। তিনি সিংগাইর উপজেলা প্রেসক্লাবের সদস্য সচিবের দ্বায়িত্ব পালন করছেন।
জানা গেছে, সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের খানবানিয়াড়া গ্রামের এমদাদ হোসেন ওরফে ইন্তাজ খাঁ ও একই এলাকার মজিরন নেছার সাথে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। ওই জমিটি নিয়ে আদালতে মামলা চলাকালীন সময়ে একটি অস্থায়ী নিষেধাজ্ঞাও রয়েছে। সম্প্রতি ইন্তাজ ও তার সহযোগীরা আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমিটি দখলের চেষ্টা করেন।
বিষয়টি নিয়ে ‘সিংগাইরে বিরোধপূর্ণ জমি দখলের চেষ্টা ’ শিরোনামে সংবাদ করেন সাংবাদিক সুজন মোল্লা। এছাড়াও সংবাদটি স্থানীয় ও একাধিক জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়।
এর জের ধরে গত ২১ নভেম্বর সকালে ওই সাংবাদিককে খুন ও লাশ গুম করে ফেলার হুমকি দেন।
এ বিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান জাহাঙ্গীর বলেন, ‘হত্যার হুমকির বিষয়ে একটি জিডি পেয়েছি। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব।’
সাইফুল ইসলাম/এমআই

