জুরাইনে পুলিশের সঙ্গে ব্যাটারিচালিত রিকশাচালকদের সংঘর্ষ
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৪, ১০:২৫
ছবি : সংগৃহীত
রাজধানী ঢাকার জুরাইন রেলগেট এলাকায় ব্যাটারিচালিত রিকশাচালকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে। এতে শুক্রবার (২২ নভেম্বর) বেলা পৌনে ১২টা থেকে ঢাকা-পদ্মা সেতু রেল রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কমলাপুর স্টেশন মাস্টার আনোয়ার হোসেন। তিনি জানান, শুক্রবার বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে রিকশাচালকদের অবরোধে জুরাইন রেল স্টেশনে নারায়ণগঞ্জ কমিউটার আটকে যায়। খুলনাগামী নকশিকাঁথা কমিউটার ট্রেন আটকে আছে কমলাপুরের শহরতলি স্টেশনে।
আইনশৃঙ্খলা বাহিনী সবুজ সংকেত না দেওয়া পর্যন্ত পদ্মা সেতু রুটে ট্রেন চলাচল করবে না বলেও জানান এই কর্মকর্তা।
জানা গেছে, ঢাকা থেকে ফরিদপুর, ঝিনাইদহ, কুষ্টিয়া, যশোর ও খুলনাগামী অনেক যাত্রী এখন কমলাপুর শহরতলি স্টেশনে অপেক্ষা করছেন।
এর আগে বৃহস্পতিবার (২১ নভেম্বর) মহাখালী রেলগেট এলাকায় অটোরিকশাচালকদের অবরোধে সোয়া ৬ ঘণ্টা বন্ধ ছিল ট্রেন চলাচল। এতে অসহনীয় দুর্ভোগে পড়ে রেলযাত্রীরা।

