বিজিবির অভিযান
মার্চে ১৫২ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ১৮:৪৩
গত মার্চ মাসে দেশের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৫২ কোটি ৮ লাখ ৬৯ হাজার টাকা মূল্যের চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (৮ এপ্রিল) বিজিবির সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।
জব্দকৃত চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে—৭ কেজি ৯৫৮ গ্রাম স্বর্ণ, ৭৮০ গ্রাম রূপা, ২৫ হাজার ১৭৩টি শাড়ি, ১০ হাজার ৭০১টি থ্রিপিস/শার্টপিস/চাদর/কম্বল, ২২ হাজার ২৮০টি তৈরি পোশাক, ৩৩ হাজার ৮৮৯ মিটার থান কাপড়, ৫ লাখ ৬৪ হাজার ৩৫৭টি কসমেটিকস সামগ্রী, ১ হাজার ৭৬২টি ইমিটেশন গহনা, ৪৭ লাখ ৫২ হাজার ১৯৬টি আতশবাজি, ৬ হাজার ৯২৯ ঘনফুট কাঠ, ৩ হাজার ২৩৬ কেজি চা পাতা, ২৫ হাজার ৬৫৬ কেজি সুপারি, ১ লাখ ৬৩ হাজার ৩৮৪ কেজি চিনি, ১০ হাজার ৬৯০ কেজি সার, ৯৭ লিটার অকটেন, ২৫ হাজার ৯০০ কেজি কয়লা, ২১২ কেজি সুতা/কারেন্ট জাল, ৫২২টি মোবাইল, ৭৪৯টি মোবাইল ডিসপ্লে, ৮৬ হাজার ৭৮১টি চশমা, ১২ হাজার ৭৩১ কেজি বিভিন্ন প্রকার ফল, ৩ হাজার ৬৪১ কেজি ভোজ্য তেল, ৯৫১ কেজি পেঁয়াজ ও রসুন, ১৭ হাজার ২৩৫ কেজি জিরা, ৬ হাজার ৩২৫ কেজি কিসমিস, ১ লাখ ৩ হাজার ৯৫৩টি চকোলেট, ৪টি কষ্টি পাথরের মূর্তি, ১০টি ট্রাক/কাভার্ড ভ্যান, ৭টি পিকআপ, ২টি প্রাইভেটকার/মাইক্রোবাস, ৪টি ট্রলি, ১৭টি নৌকা, ২০টি সিএনজি/ইজিবাইক, ৬২টি মোটরসাইকেল এবং ৩৫টি বাইসাইকেল।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে—৩টি ওয়ান শুটার গান, ৪৬ রাউন্ড গুলি এবং ৩৩ হাজার ১০০ রাউন্ড সীসার গুলি।
এছাড়াও গত মাসে বিজিবি কর্তৃক বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে—৭ লাখ ৪৭ হাজার ১৬১ পিস ইয়াবা, ২ কেজি ৫৮৫ গ্রাম হেরোইন, ৪ কেজি ১০৫ গ্রাম কোকেন, ১৬ হাজার ২৪২ বোতল ফেনসিডিল, ৯ হাজার ৩৭৭ বোতল বিদেশি মদ, ৪৪ লিটার দেশি মদ, ১ হাজার ২৩৫ বোতল ক্যান বিয়ার, ২ হাজার ৬১১ কেজি গাঁজা, ১ লাখ ৫৫ হাজার ২৩৯ প্যাকেট বিড়ি ও সিগারেট, ১ লাখ ৮৫ হাজার ১৩৪টি নেশাজাতীয় ট্যাবলেট/ইনজেকশন, ৫ হাজার ৩৪০ বোতল ইস্কাফ সিরাপ, ৫৫ বোতল এমকেডিল/কফিডিল, ২৭ লাখ ৩৭ হাজার ৬৯ পিস বিভিন্ন প্রকার ওষুধ ও ট্যাবলেট, ১২ বোতল এলএসডি এবং ৮৪ হাজার ২০০টি সেনেগ্রা ট্যাবলেট।
বিজিবির সীমান্ত অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৩৪ জন চোরাচালানিকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৩৩৭ জন বাংলাদেশি ও ১৪ জন ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে, যাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
এছাড়া বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে ৬৪৭ জন মিয়ানমার নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

