ওসমান হাদি হত্যা
ফয়সালকে পালাতে ‘সহায়তাকারী’ পশ্চিমবঙ্গে গ্রেপ্তার
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ২০:৪৩
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের প্রধান দুই আসামিকে বাংলাদেশ ছেড়ে 'পালাতে সহায়তাকারী' ফিলিপ সাংমা ভারতে গ্রেপ্তার হয়েছে।
শনিবার (১৪ মার্চ) পশ্চিমবঙ্গের নদীয়া জেলার শান্তিপুরের কাছ থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।
পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সূত্রে খবর পেয়ে ফিলিপ সাংমাকে গ্রেপ্তার করে স্পেশাল টাস্কফোর্স (এসটিএফ)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফিলিপ সাংমা স্বীকার করেন যে তিনি ফয়সাল করিম এবং আলমগীরকে মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে ঢুকতে সহায়তা করেন। বাংলাদেশে গ্রেপ্তার এড়াতে পরে তিনি নিজেও অবৈধভাবে ভারতে ঢুকে পড়েন।
গ্রেপ্তারের পর ফিলিপ সাংমাকে আদালতে তোলা হলে এখন তাকে পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে এসটিএফ জানিয়েছে।
এর আগে গত শনিবার দিবাগত রাতে ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। বাংলাদেশ সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্সের (এসটিএফ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
উল্লেখ্য, গত বছরের ১২ ডিসেম্বর জুমার নামাজের পর রাজধানীর পুরানা পল্টনের কালভার্ট রোডে রিকশায় থাকা ওসমান হাদিকে মাথায় গুলি করে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ ওসমান হাদিকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়েছিল। ছয় দিন পর সেখানে তার মৃত্যু হয়।
এমবি

