রাজধানীর গুলশানে বিদেশি নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ১৬:০৭
ছবি: সংগৃহীত
রাজধানীর গুলশানে একজন বিদেশি নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে তাকে গুলশান ২ নম্বরের কন্টিনেন্টাল হাসপাতালে মৃত অবস্থায় নেওয়া হয় বলে পুলিশ জানিয়েছে।
নিহত নারীর নাম শামীম সালিম কাসিম, তার বয়স ৬৭ বছর। বারিধারার পার্ক রোডের একটি বাসায় তিনি থাকতেন। তিনি ভারতের কাশ্মীরের বাসিন্দা বলে জানা গেছে।
জানতে চাইলে গুলশান থানার পরিদর্শক (তদন্ত) মোখলেসুর রহমান বলছেন, কন্টিনেন্টাল হাসপাতাল থেকে তাদের কাছে ফোন করে বিষয়টি জানানো হয়।
তিনি বলেন, আমরা শুনেছি একজন বিদেশিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। পুরোটা এখনো জানি না। আমি ও আমাদের টিম সেখানে যাচ্ছি। পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে মৃত্যুর কারণ ও ঘটনার পেছনের পরিস্থিতি জানতে কাজ চলছে। ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের পাশাপাশি সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা হতে পারে।
বাংলাদেশের খবর/আরইউ

