দুবাই ফেরত যাত্রীর কৌশল ব্যর্থ, উদ্ধার সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণ
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ১৭:২৪
ছবি: সংগৃহীত
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর শরীরে বিশেষ কায়দায় লুকিয়ে আনা প্রায় দুই দশমিক ১৬ কেজি স্বর্ণ উদ্ধার করেছে গোয়েন্দা সংস্থার সদস্যরা। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য তিন কোটি ৫৬ লাখ টাকা।
বিমানবন্দরে দুবাই থেকে আগত ফ্লাইদুবাইয়ের FZ463 ফ্লাইটের এক যাত্রীর কাছ থেকে দুই দশমিক ১৬ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৩ জুলাই) সকাল ৯টা ৪০ মিনিটে কাস্টমস হলের গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের গোয়েন্দা সংস্থা এনএসআই ও ডিজিএফআইয়ের প্রতিনিধিদল ওই যাত্রীকে তল্লাশি চালায়।
তল্লাশিতে যাত্রীর পায়জামার বেল্টের অংশ এবং আন্ডারওয়্যারের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা স্বর্ণালঙ্কার ও গলিত স্বর্ণ উদ্ধার করা হয়।
আটক যাত্রীর নাম মোহাম্মদ শহীদুল আলম চৌধুরী। তার বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলায়।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, উদ্ধারকৃত স্বর্ণ বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। আটক যাত্রীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও মামলা দায়েরের কার্যক্রমও প্রক্রিয়াধীন।
তিনি আরও বলেন, বৈদেশিক মুদ্রা পাচার ও স্বর্ণ চোরাচালান রোধে বিমানবন্দরের গোয়েন্দা সংস্থা, কাস্টমস ইন্টেলিজেন্স, বিমানবন্দর কাস্টমস এবং বিমানবন্দর কর্তৃপক্ষের নজরদারি অব্যাহত থাকবে।
বাংলাদেশের খবর/আরইউ

