সয়াবিন তেলের সরবরাহ ২ দিনের মধ্যে স্বাভাবিক হবে : বাণিজ্য উপদেষ্টা
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: ০৩ মার্চ ২০২৫, ১৯:০০
আগামী দুইদিনের মধ্যে বাজারে সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
সোমবার (৩ মার্চ) রাজধানীর মোহাম্মদপুর টাউন হল কাঁচাবাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। এ সময় শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খানও উপস্থিত ছিলেন।
সয়াবিন তেলের বর্তমান সরবরাহ পরিস্থিতি নিয়ে তিনি বলেন, `নিত্যপ্রয়োজনীয় পণ্যের কোনো ঘাটতি নেই। তবে সয়াবিন তেলের সরবরাহ কিছুটা কম রয়েছে, যা আমরা অস্বীকার করছি না। তবে আশা করছি আজ থেকেই সরবরাহ পরিস্থিতির উন্নতি হবে এবং দুইদিনের মধ্যে তা পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে।'
তেলের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে শেখ বশিরউদ্দীন বলেন, `সয়াবিন তেল কিছুটা বেশি দামে বিক্রি হলেও পামওয়েল সরকার নির্ধারিত দামের চেয়ে ২৫ টাকা কমে বিক্রি হচ্ছে। আমাদের মোট ভোজ্যতেলের ৬০ শতাংশই পামওয়েল। ফলে বাজারে তেলের দাম একদিকে কমছে, আবার কিছু ক্ষেত্রে বাড়ছে। আশা করছি শিগগিরই সয়াবিন তেলের দামও কমে আসবে।’
সরকারের পক্ষ থেকে তেলের বাজার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে তিনি জানান।
এএইচএস/এমএইচএস

