৯ মাসে আয় ৩০.২৫ বিলিয়ন ডলার
পোশাক রপ্তানিতে গতি ফিরেছে
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ০৯:৫৫
বাংলাদেশের তৈরি পোশাক শিল্প আবারও রপ্তানিতে গতি ফিরে পেয়েছে। ২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে মার্চ সময়কালে তৈরি পোশাক (আরএমজি) খাত থেকে দেশের আয় হয়েছে ৩০.২৫ বিলিয়ন মার্কিন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১০.৮৪ শতাংশ বেশি।
রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত সর্বশেষ তথ্যে জানা গেছে, একক মাস হিসেবে মার্চ ২০২৫-এ আরএমজি রপ্তানি হয়েছে ৩.৪৫ বিলিয়ন ডলার, যা গত বছরের মার্চের তুলনায় ১২.৪০ শতাংশ প্রবৃদ্ধি নির্দেশ করে।
বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, মার্চ মাসে নিট পোশাক রপ্তানি হয়েছে ১.৮১ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ১২.৯৩ শতাংশ। ওভেন পোশাক রপ্তানি হয়েছে ১.৬৪ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ১১.৮২ শতাংশ।
৯ মাসের সমন্বিত পরিসংখ্যানে দেখা যায়, নিট পোশাক রপ্তানি হয়েছে ১৬.১৫ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ১১.২২ শতাংশ বেশি। একই সময়ে ওভেন পোশাক রপ্তানি হয়েছে ১৪.১০ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ১০.৪০ শতাংশ।
বিজিএমইএর সাবেক পরিচালক ও বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জ-এর ব্যবস্থাপনা পরিচালক এবং ডেনিম এক্সপার্ট লিমিটেড-এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহিউদ্দিন রুবেল বলেন, ‘এই প্রবৃদ্ধি আমাদের শিল্পের স্থিতিশীলতা ও বৈশ্বিক বাজারে বাংলাদেশের অবস্থানকে পুনরায় দৃঢ় করছে।’
বৈশ্বিক চাহিদা কিছুটা পুনরুদ্ধার হওয়া, কৌশলগত মূল্য নির্ধারণ এবং উৎপাদনে দক্ষতা বৃদ্ধির কারণেই রপ্তানিতে এ ইতিবাচক ধারা দেখা যাচ্ছে।
এএইচএস/এটিআর

