কৃষি ব্যাংকে এক মাসে আসলো সাড়ে ৩২ কোটি ডলারের রেমিট্যান্স
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ১৭:৩৫
এক মাসে সর্বোচ্চ ৩২৯ কোটি মার্কিন ডলার প্রবাসী আয় পাঠানো রেমিট্যান্সে নতুন ইতিহাস সৃষ্টি করেছে বাংলাদেশ। বিপুল পরিমাণ এই রেমিট্যান্স আহরণে বড় ভূমিকা রেখেছে বাংলাদেশ কৃষি ব্যাংক।
এই ব্যাংকে গত ১ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত ৩২ কোটি ৭৪ লাখ ৩০ হাজার ডলারের রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। যার প্রতি ডলার বাংলাদেশি মুদ্রায় ১২৪ টাকা হিসাবে ৪ হাজার ৬০ কোটি ১৩ লাখ ২০ হাজার টাকা।
ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ কৃষি ব্যাংক রেমিট্যান্স উৎসব ২০২৫ (১ মার্চ-১৫ এপ্রিল) ১ মার্চ থেকে ১৫ এপ্রিল ২০২৫ পর্যন্ত ৪৬ দিনব্যাপী রেমিট্যান্স উৎসব পালন করছে।
গত ১ মার্চ থেকে প্রতি ১৫ দিন পর পর লটারি ড্র অনুষ্ঠিত হচ্ছে৷ প্রতি পর্বে ১০টি পুরস্কার, ১টি মেগা পুরস্কারসহ সর্বমোট ৩১টি পুরস্কার। উৎসব শেষে একজন বিজয়ীর জন্য মেগা পুরস্কার মোটরসাইকেল।
১ম পুরস্কার রেফ্রিজারেটর, ২য় পুরস্কার ৩২’’ স্মার্ট টিভি, ৩য় পুরস্কার বাইসাইকেল, ৪র্থ পুরস্কার স্মার্ট মোবাইল ফোন, ৫ম পুরস্কার ট্রলিব্যাগ, ৬ষ্ঠ পুরস্কার ডিনারসেট, ৭ম পুরস্কার রিচার্জেবল ফ্যান, ৮ম পুরস্কার ইনডাকশন চুলা, ৯ম পুরস্কার ইলেকট্রিক রাইস কুকার, ১০ম পুরস্কার প্রেসার কুকার।
কৃষি ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, গত মার্চ মাসে ৩ লাখ ৪২ হাজার ৭৮৯ জন গ্রাহকের রেমিট্যান্স পৌঁছে দেওয়া হয়েছে। গ্রাহকদের আস্থা এবং উন্নত সেবা ও রেমিট্যান্স কোম্পানির সঙ্গে সুসম্পর্কের কারণে ব্যাংকটিতে রেমিট্যান্স আসার পরিমাণ বেড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এইচএস/এমজে

