পতনের বৃত্ত থেকে বের হতে পারছে না দেশের পুঁজিবাজার। টানা দরপতনে নিঃস্ব হচ্ছেন বিনিয়োগকারীরা। সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১ ডিসেম্বর) পতন হয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)।
বাজারটির প্রধান সূচকসহ সবকটি সূচক কমেছে। শুধু তাই নয়, ফের ডিএসইর লেনদেন নেমেছে তিনশো কোটির ঘরে।
দরপতন হয়েছে গত সপ্তাহেও। আলোচ্য সপ্তাহের পাঁচ কার্যদিবসের মধ্যে চার কার্যদিবসই দর কমেছে অধিকাংশ কোম্পানি ও ইউনিটের। একই অবস্থায় লেনদেন হয়েছে তার আগের সপ্তাহের পাঁচ কার্যদিবসও।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, আজ (রোববার) ডিএসইতে অধিকাংশ প্রতিষ্ঠানের দর কমায় মূল্যসূচক কমেছে। একই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ।
ডিএসইতে আজ সূচক ও লেনদেন কমলেও কিছুটা ইতিবাচক ধারায় ছিল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। বাজারটিতে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এতে প্রধান মূল্যসূচক সিএসপিআই কিছুটা বেড়েছে। একই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণও।
তবে গত সপ্তাহে লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসের মধ্যে চার কার্যদিবস লেনদেন হারিয়েছিল এই বাজারে লেনদেন করা অধিকাংশ কোম্পানি। তার আগের সপ্তাহেও পাঁচ কার্যদিবসেই লেনদেন অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছিল। ফলে আজ সামান্য সূচক বাড়লেও বাজারে স্বস্তি ফেরেনি।
ডিএসইর লেনদেন পর্যালোচনা করে দেখা যায়, দরবৃদ্ধির মধ্য দিয়ে সকাল ১০টায় এই বাজারে লেনদেন শুরু হয়। এতে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার দেখা মেলে। অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দামও বেড়ে। লেনদেনের দুই ঘণ্টার মাথায় ডিএসইর প্রধান সূচক বেড়ে যায় ১১ পয়েন্ট।
এরপরেই পাল্টে যায় লেনদেনের চিত্র। অল্প সময়ের মধ্যেই একের পর এক প্রতিষ্ঠান দর হারায়। ফলে মূল্যসূচক ঋণাত্মক হয়ে পড়ে। দিন শেষে লেনদেন করা কোম্পানিগুলোর মধ্যে দর হারিয়েছে ১৪৮ প্রতিষ্ঠান। দাম কমেছে ১৭৫ প্রতিষ্ঠানের। আর দাম অপরিবর্তিত রয়েছে ৭২টির।
আজ ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৭ পয়েন্ট কমে নেমেছে ৫ হাজার ১৮৫ পয়েন্টে। শরিয়াহ সূচক এক পয়েন্ট কমে নেমেছে এক হাজার ১৬৫ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৯১১ পয়েন্টে।
সবকয়টি মূল্যসূচক কমার পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণ কমে আবার তিনশো কোটি টাকার ঘরে নেমে গেছে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ৩৯৭ কোটি ৩২ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৪৭৩ কোটি ৭৫ লাখ টাকা। সে হিসাবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন কমেছে ৭৬ কোটি ৪৩ লাখ টাকা।
ডিএসইতে আজ সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এনআরবি ব্যাংকের। আজ কোম্পানিটির ১৮ কোটি এক লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরপরেই রয়েছে এমারেল্ড অয়েল। এই কোম্পানিটির লেনদেন হয়েছে ১০ কোটি ৯০ লাখ টাকার। ১০ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় স্থানে রয়েছে সি পার্ল বিচ রিসোর্ট।
লেনদেনের শীর্ষে থাকা অন্য কোম্পানিগুলো হলো, জেনেক্স ইনফোসিস, বাংলাদেশ শিপিং করপোরেশন, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন, অগ্নি সিস্টেম, এশিয়াটিক ল্যাবরেটরিজ, মিডল্যান্ড ব্যাংক এবং আইসিবি।
রোববার ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের। ফান্ডটির দর বেড়েছে ৩ টাকা ৯০ পয়সা বা ৯ দশমিক ৯২ শতাংশ।
দ্বিতীয় স্থানে থাকা মুন্নু ফেব্রিক্সের দর বেড়েছে ৯ দশমিক ৮৭ শতাংশ। ৯ দশমিক ৮৭ শতাংশ দরবৃদ্ধি নিয়ে এরপরেই রয়েছে এমারেল্ড অয়েল।
দরবৃদ্ধির তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে দেশবন্ধু পলিমারের ৯ দশমিক ৮২ শতাংশ, ড্রাগন সোয়েটারের ৯ দশমিক ৬৩ শতাংশ, ডমিনেজ স্টিলের ৯ দশমিক ৪০ শতাংশ, এইচ আর টেক্সটাইলের ৯ দশমিক ২৭ শতাংশ, সাইফ পাওয়ারের ৮ দশমিক ৩৩ শতাংশ, ফু-ওয়াং সিরামিকের ৭ দশমিক ৮১ শতাংশ এবং গোল্ডেন সনের লিমিটেডের ৭ দশমিক ৬৯ শতাংশ শেয়ার দর বেড়েছে।
আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দরপতন হয়েছে আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ডের। ফান্ডটির দর কমেছে দশমিক ১০ পয়সা বা ১ দশমিক ৫৬ শতাংশ।
দ্বিতীয় স্থানে থাকা তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের দর কমেছে ৩ দশমিক ৩৮ শতাংশ। ৩ দশমিক ৯৬ শতাংশ দর হারিয়ে এরপরেই রয়েছে সেন্ট্রাল ইন্স্যুরেন্স।
দর হারানো অন্য কোম্পানির মধ্যে নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের ৩ দশমিক ৮২ শতাংশ, বাংলাদেশ ইন্ডাস্ট্রায়াল ফাইন্যান্সের ৩ দশমিক ৮০ শতাংশ, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৩ দশমিক ৭০ শতাংশ, বাংলাদেশ শিপিং করপোরেশনের ৩ দশমিক ৪১ শতাংশ, সিটি ইন্স্যুরেন্সের ৩ দশমিক ৩৮ শতাংশ, ওয়াটা কেমিক্যালসের ৩ দশমিক ৩৪ শতাংশ এবং তুং হাই নিটিং এন্ড ডাইং লিমিটেডের শেয়ার দর ৩ দশমিক ১২ শতাংশ কমেছে।
এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ২ পয়েন্ট। এই বাজারে লেনদেন হয়েছে ২০২ প্রতিষ্ঠানের। এর মধ্যে দর বেড়েছে ৯৫টির, কমেছে ৮৪টির। আর দর অপরিবর্তিত রয়েছে ২৩টির। সিএসইতে আজ ৫ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
এমআই/এমজে

