বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৬ বিলিয়ন ডলার ছাড়াল
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ২১:৪০
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ২৬,৭০২.৪২ মিলিয়ন মার্কিন ডলার (গ্রস ভিত্তিতে)। আন্তর্জাতিক হিসাব মানদণ্ড বিপিএম ৬ অনুযায়ী এই রিজার্ভের পরিমাণ ২১,৩৪০.৫৫ মিলিয়ন মার্কিন ডলার।
রোববার (২০ এপ্রিল) রাতে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে।
গ্রস রিজার্ভে সাধারণত মোট রিজার্ভ হিসেব করা হয়, যেখানে আইএমএফ-এর কাছ থেকে গৃহীত ঋণ, বাংলাদেশ ইনভেস্টমেন্ট কর্পোরেশন ও অন্যান্য দায়দেনা অন্তর্ভুক্ত থাকে না। অপরদিকে বিপিএম৬ অনুযায়ী রিজার্ভ নির্ধারণে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর মানদণ্ড মেনে চলা হয়, যাতে ব্যবহারযোগ্য প্রকৃত মজুত হিসেব করা হয়।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, বর্তমানে দেশের বৈদেশিক রিজার্ভ কমপক্ষে ৪-৫ মাসের আমদানি ব্যয় মেটাতে সক্ষম। এই রিজার্ভ ব্যবহার করা হয় আমদানি ব্যয় মেটানো, সরকারি ও বেসরকারি ঋণ পরিশোধ, এবং আন্তর্জাতিক বাণিজ্য নিষ্পত্তিতে। বৈশ্বিক অর্থনৈতিক চাপে পড়ে রিজার্ভে সাম্প্রতিক বছরগুলোতে কিছুটা চাপ পরিলক্ষিত হলেও সাম্প্রতিক সময়ে রেমিট্যান্স প্রবাহ, রপ্তানি আয় ও বৈদেশিক সহায়তা বৃদ্ধির কারণে পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হচ্ছে।
ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশ ব্যাংক এখন রিজার্ভ ব্যবহারের ক্ষেত্রে অধিকতর সতর্ক এবং স্বচ্ছতা নিশ্চিত করতে চায়। বিপিএম৬ ভিত্তিক রিজার্ভের হিসাব আন্তর্জাতিক মানদণ্ডে উপস্থাপন করার জন্য এটি এখন নিয়মিত প্রকাশ করছে। এর ফলে সরকারের আর্থিক পরিকল্পনা এবং বৈদেশিক লেনদেন আরও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হচ্ছে।
এএইচএস/এমআই

