Logo

অর্থনীতি

নতুন টাকার নোটে থাকছে ধানের শীষ, আসছে চলতি মাসেই

Icon

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশ: ০৪ মে ২০২৫, ২১:৪৪

অ
নতুন টাকার নোটে থাকছে ধানের শীষ, আসছে চলতি মাসেই

কৃষি প্রধান বাংলাদেশের ধানের শীষ, সোনালি আঁশ পাট, ঐতিহ্য ও সংস্কৃতি, জুলাই বিপ্লবের গ্রাফিতি নিয়ে চলতি মাসে বাজারে আসছে নতুন টাকার নোট। প্রাথমিকভাবে ১০০০ হাজার টাকা মূল্যমানের নোট বাজারে ছাড়া হবে। তবে অন্যান্য নোট পর্যায়ক্রমে ছাড়া হবে। আসন্ন কোরবানি ঈদে লেনদেন সহজ করতে বাংলাদেশ ব্যাংক এমন উদ্যোগ নিয়েছে।  

কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্টরা বলছেন, নতুন নোট ছাপাতে হলে নতুন টাকা নোটের ডিজাইন, কাগজ ও তার সংশ্লিষ্ট পুরো সেটআপ পরিবর্তন করতে হয়। সে কারণে নতুন নোটে ছাপাতে দেরি হয়। তবে দ্রুততম সময়ে মধ্যে এবার নতুন টাকার নোট ছাপানো হচ্ছে।

এদিকে নতুন নোটের সংকটে গ্রাহকের হাতে বেড়েছে পোড়া, ছেঁড়াফাটা নোটের সংখ্যা। ফলে অনেকেই পুরোনো কিংবা ছেঁড়াফাটা নোট পরিবর্তন করছেন রাজধানীর গুলিস্তান ও মতিঝিল এলাকায়। বাড়তি টাকায় এসব নোট পরিবর্তন করতে গিয়ে আর্থিক ক্ষতি হচ্ছে গ্রাহকদের।

জানা গেছে, ভল্টে শেখ মুজিবুর রহমানের ছবিযুক্ত নোট থাকলেও বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী গ্রাহকদের তা দিতে পারছে না ব্যাংকগুলো।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, প্রতি বছর বিভিন্ন মূল্যমানের ১৫০ কোটি পিস নতুন টাকার চাহিদা থাকলেও, টাকশাল ছাপাতে পারে ১২০ কোটি পিস।

নতুন টাকা নোট ছাড়া প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র বাংলাদেশের খবরকে জানান, চলতি মাসের শেষ সপ্তাহে নতুন টাকার নোট ছাড়া হবে। প্রাথমিকভাবে ১০০০ টাকা মূল্যমানের নোট ছাড়া হবে। পরে পর্যায়ক্রমে অন্যান্য নোট ছাড়া হবে। নতুন নোটে ধানের শীষ, পাট, ঐতিহ্য,  সংস্কৃতি আর জুলাই বিপ্লবের গ্রাফিতি থাকবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে হোসেন শহীদ সোহ্‌রাওয়ার্দীর ছবি সম্বলিত নতুন টাকার নোটের ছবি ছড়িয়ে পড়া বিষয়ে মুখপাত্রের দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, এগুলো ভুয়া। 

এএইচএস/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন