আইএমএফের ঋণ ছাড়ে সবুজ সংকেত, জুনে আসছে ১৩০ কোটি ডলার
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৩ মে ২০২৫, ১৯:৫০
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) অবশেষে বাংলাদেশকে ঋণ প্যাকেজের পরবর্তী দুই কিস্তি ছাড়ে সম্মতি দিয়েছে। আগামী জুন মাসে ১৩০ কোটি ডলারের এই কিস্তি ছাড় করা হবে বলে নিশ্চিত করেছে বাংলাদেশ ব্যাংক।
বিনিময় হার সংক্রান্ত নীতিতে আইএমএফের সঙ্গে দীর্ঘদিনের মতপার্থক্যের অবসান ঘটিয়ে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে উভয় পক্ষ। জানা গেছে, বিনিময় হারে নমনীয়তা আনার শর্তে বাংলাদেশ ব্যাংক ‘ক্রলিং পেগ’ নামে একটি নতুন পদ্ধতি গ্রহণ করেছে। এই ব্যবস্থা চালুর পরই ঋণ ছাড়ের পথ খুলেছে।
ওয়াশিংটনে আইএমএফ সদর দপ্তরে অনুষ্ঠিত একাধিক বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের নেতৃত্বে আলোচনা হয়। আলোচনার পরিপ্রেক্ষিতে আইএমএফ এ সিদ্ধান্ত দেয় বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের একটি সূত্র।
প্রসঙ্গত, ৪৭০ কোটি ডলারের যে ঋণ প্যাকেজ বাংলাদেশকে দেওয়া হচ্ছে, তারই অংশ হিসেবে জুন মাসে তৃতীয় ও চতুর্থ কিস্তি হিসেবে এই অর্থ ছাড় করবে সংস্থাটি।
এর আগে আইএমএফের দক্ষিণ এশিয়া মিশনের প্রধান ক্রিস পাপাজর্জিউর নেতৃত্বে একটি প্রতিনিধি দল ৬ থেকে ১৭ এপ্রিল ঢাকায় অবস্থান করে। তারা বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার কর্মসূচির আওতায় এক্সটেন্ডেড ফান্ড ফ্যাসিলিটি (ইএফএফ), এক্সটেন্ডেড ক্রেডিট ফ্যাসিলিটি (ইসিএফ) এবং রেজিলিয়েন্স অ্যান্ড সাসটেইনেবিলিটি ফ্যাসিলিটি (আরএসএফ) এর অগ্রগতি মূল্যায়ন করে।
আইএমএফের পক্ষ থেকে প্রাথমিক সম্মতির পর এখন চলছে আনুষ্ঠানিকতার প্রস্তুতি। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে আগামী বুধবার। ওইদিন বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি তুলে ধরা হবে। গভর্নর ড. আহসান এইচ মনসুর দুবাই থেকে ভার্চুয়ালি এই সংবাদ সম্মেলনে অংশ নেবেন।
ডিআর/এমএইচএস

