এডিপির সংশোধিত উন্নয়ন বাজেট ২ লাখ ৩০ হাজার কোটি
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: ১৮ মে ২০২৫, ১৭:৩৫
ছবি : সংগৃহীত
আগামী ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) চূড়ান্ত করেছে সরকার। আগামী বছর এডিপির পরিমাণ নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩০ হাজার কোটি টাকা, যা চলতি অর্থবছরের সংশোধিত এডিপির ২ লাখ ১৬ হাজার কোটি টাকার তুলনায় ১৪ হাজার কোটি টাকা বেশি।
রোববার (১৮ মে) পরিকল্পনা কমিশন শেরেবাংলা নগরের জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় এই অনুমোদন দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ সভা শেষে এ তথ্য নিশ্চিত করেন।
নতুন এডিপিতে সরকারি তহবিল থেকে ১ লাখ ৪৪ হাজার কোটি টাকা এবং বৈদেশিক ঋণ থেকে ৮৬ হাজার কোটি টাকা ব্যয় করা হবে। মোট ১,১৪২টি প্রকল্পের খাত অনুযায়ী বরাদ্দ দেওয়া হয়েছে ২ লাখ ১৫ হাজার ৫১৪ কোটি টাকা।
এবারও উন্নয়ন বাজেটে প্রধান গুরুত্ব বড় পাঁচ খাতেই। মোট বরাদ্দের মধ্যে পরিবহন ও যোগাযোগ খাতের অংশ ২৫.৬৪ শতাংশ বা ৫৮,৯৭৩ কোটি টাকা। এরপর বিদ্যুৎ ও জ্বালানি খাত পেয়েছে ১৪.০৮ শতাংশ (৩২,৩৯২ কোটি), শিক্ষা খাত ১২.৪২ শতাংশ (২৮,৫৫৭ কোটি), গৃহায়ন ও কমিউনিটি সুবিধা ৯.৯০ শতাংশ (২২,৭৭৬ কোটি) এবং স্বাস্থ্য খাত ৭.৮৯ শতাংশ (১৮,১৪৮ কোটি) টাকা।
স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন: ১৩,৪৭২ কোটি
কৃষি: ১০,৭৯৫ কোটি,পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও পানিসম্পদ: ১০,৬৪১ কোটি, শিল্প ও অর্থনৈতিক সেবা: ৫,০৩৮ কোটি, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি: ৩,৮৯৪ কোটি, ধর্ম, সংস্কৃতি ও বিনোদন: ৩,৬৭৫ কোটি, জনশৃঙ্খলা ও সুরক্ষা: ২,৭৭৭ কোটি, সামাজিক সুরক্ষা: ২,১৮২ কোটি
সাধারণ সরকারি সেবা: ১,৮৭৭ কোটি, প্রতিরক্ষা: ৪৭৫ কোটি
চলতি অর্থবছরের মূল এডিপিতে বরাদ্দ ছিল ২ লাখ ৬৫ হাজার কোটি টাকা। পরে তা সংশোধিত এডিপিতে কমিয়ে আনা হয়েছে ২ লাখ ১৬ হাজার কোটি টাকায়। আগামী অর্থবছরের মূল এডিপি এই সংশোধিত আকারের ১৪ হাজার কোটি টাকা বেশি হলেও গত বছরের মূল এডিপির তুলনায় ৩৫ হাজার কোটি টাকা কম।
এএইচএস/এমআই

