Logo

অর্থনীতি

পোশাক শ্রমিকদের বেতন-বোনাস ৩ জুনের মধ্যে : স্বরাষ্ট্র উপদেষ্টা

Icon

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশ: ১৯ মে ২০২৫, ১৬:২৬

অ
পোশাক শ্রমিকদের বেতন-বোনাস ৩ জুনের মধ্যে : স্বরাষ্ট্র উপদেষ্টা

আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী /ছবি : বাংলাদেশের খবর

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তৈরি পোশাক খাতের শ্রমিকদের মে মাসের বেতন ও ঈদ বোনাস আগামী ৩ জুনের মধ্যে পরিশোধের নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (১৯ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভা কক্ষে ঈদুল আজহা উপলক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

তিনি বলেন, পোশাক শ্রমিকদের বেতন ও ঈদ বোনাস ৩ জুনের মধ্যে পরিশোধ করতে হবে। শ্রমিকদের যৌক্তিক দাবি মানতে মালিকদের বাধ্য করা হবে। তবে কেউ অযৌক্তিক দাবিতে রাস্তায় নামলে, জনদুর্ভোগ তৈরি করলে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নেবে।

তিনি আরও বলেন, চলমান আন্দোলনের প্রতি আমাদের নজর রয়েছে। শ্রমিকদের যেকোনো যৌক্তিক দাবির প্রতি সরকার সহানুভূতিশীল। কিন্তু আন্দোলন যেন প্রতিষ্ঠানের ভেতরে সীমাবদ্ধ থাকে, রাস্তায় নেমে জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টি করা যাবে না।

স্বরাষ্ট্র উপদেষ্টা গার্মেন্টস মালিকদের উদ্দেশে বলেন, শ্রমিকরা দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। তারা যাতে ঈদের আগে যথাযথভাবে বেতন ও বোনাস পেয়ে বাড়ি যেতে পারেন, সে বিষয়টি নিশ্চিত করতে হবে। এতে কর্মক্ষোভ ও অস্থিরতা এড়ানো যাবে।

সভায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সংস্থার প্রতিনিধি, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন। সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, গার্মেন্টস এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ ও আনসার সদস্য মোতায়েন থাকবে।

এএইচএস/ওএফ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ঈদুল আজহা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন