এনবিআর বিলুপ্তিতে আমদানি-রপ্তানি স্থবির, দাবি সিএন্ডএফ এজেন্টদের
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৯ মে ২০২৫, ১৬:৩১
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে দুটি পৃথক বিভাগ—রাজস্ব নীতি বিভাগ ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ—গঠনের সিদ্ধান্তে দেশের আমদানি-রপ্তানি কার্যক্রমে চরম স্থবিরতা দেখা দিয়েছে বলে অভিযোগ করেছে ফেডারেশন অব বাংলাদেশ কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্টস অ্যাসোসিয়েশন।
সোমবার (১৯ মে) এক সংবাদ সম্মেলনে সংগঠনটি জানায়, অংশীজনদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই সরকারের এই হঠাৎ সিদ্ধান্তের ফলে দেশের বিভিন্ন বন্দরে পণ্যজট, জরুরি সেবা ব্যাহত হওয়া এবং রপ্তানিমুখী শিল্পে কাঁচামাল সরবরাহে জটিলতা তৈরি হয়েছে। এতে রাজস্ব আহরণ ব্যাহত হচ্ছে এবং লাখো স্টেকহোল্ডার কর্মহীন হয়ে পড়ার শঙ্কায় পড়েছেন।
সংগঠনটির নেতৃবৃন্দ জানান, এনবিআর দীর্ঘদিন ধরে দক্ষতা ও অভিজ্ঞতার সঙ্গে রাজস্ব নীতি প্রণয়ন ও বাস্তবায়নের কাজ করে আসছিল। এর বিলুপ্তির ফলে প্রশাসনে একটি শূন্যতা সৃষ্টি হয়েছে, যা রাজস্ব ব্যবস্থাকে দুর্বল করতে পারে।
সংবাদ সম্মেলনে ফেডারেশন চার দফা দাবি উত্থাপন করে
- এনবিআর বিলুপ্তির সিদ্ধান্ত পুনর্বিবেচনা ও প্রত্যাহারের আগে সকল অংশীজনের সঙ্গে আলোচনা;
- রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা বিভাগে পেশাগতভাবে অভিজ্ঞ কর্মকর্তাদের নিয়োগ;
- কর-রাজস্ব সংশ্লিষ্ট ক্যাডারের দক্ষতা যথাযথভাবে কাজে লাগানো;
- আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক করতে জরুরি পদক্ষেপ গ্রহণ।
ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়, তারা ইতোমধ্যে মাননীয় অর্থ উপদেষ্টা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করেছে। তবে এখনো পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
তারা আরও বলেন, রাজস্ব সংস্কারের লক্ষ্য হওয়া উচিত পেশাগত দক্ষতার ভিত্তিতে একটি আধুনিক, ব্যবসাবান্ধব ও জনমুখী কাঠামো তৈরি। এজন্য অন্তত ২০ বছরের অভিজ্ঞতাসম্পন্ন বিসিএস (কর) ও (কাস্টমস ও এক্সাইজ) ক্যাডারের কর্মকর্তাদের মধ্য থেকে পালাক্রমে বিভাগীয় সচিব নিয়োগের প্রস্তাব তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মিজানুর রহমান, চট্টগ্রাম কাস্টমস অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. শওকত আলী এবং ঢাকা কাস্টমস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ফারুক আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এমএএস/এমএইচএস

