ব্যাংক থেকে লুট হওয়া টাকা ফেরত পাবে আমানতকারীরা : গভর্নর
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: ১৯ মে ২০২৫, ১৬:৪৯
আমানতকারী ও দরিদ্রদের ক্ষতিপূরণ দিতে অর্থ আত্মসাৎ ও অর্থপাচারে অভিযুক্তদের কাছ থেকে উদ্ধার হওয়া অর্থ ও জব্দ করা সম্পত্তি দিয়ে শিগগিরই একটি তহবিল গঠন করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।
সোমবার (১৯ মে) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে গভর্নর এসব কথা বলেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও বিএফআইইউ প্রধান এ এফ এম শাহীনুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।
গভর্নর বলেন, এখন পর্যন্ত যে সম্পদগুলো জব্দ করা হয়েছে, তার বাজার মূল্য বিশাল অঙ্কের। তবে আদালতের সিদ্ধান্ত হওয়ার আগ পর্যন্ত সরকার এই সম্পদ ব্যবহার করবে না। সবকিছুই হবে আইনের সঠিক ধারা মেনে। প্রয়োজনে আইনের কিছু সংশোধন প্রয়োজন হতে পারে, সে বিষয়ে আইন মন্ত্রণালয় কাজ করছে।
গভর্নর আরও বলেন, সরকার পরিকল্পনা করছে দুটি ফান্ড গঠনের। প্রথমটি লোপাট হওয়া টাকা ফেরত এনে ব্যবহার করা হবে ব্যাংক সংশ্লিষ্ট ক্ষতিগ্রস্ত (শেয়ারহোল্ডার) বিনিয়োগকারীদের ক্ষতিপূরণের জন্য আর দ্বিতীয় ফান্ডটি ব্যবহার করা হবে নন-ব্যাংকিং দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পদ দিয়ে গঠিত, যা জনহিতকর খাতে ব্যয় করা হবে।
প্রেস সচিব শফিকুল আলম বলেন, পলাতক পাচারকারীদের বর্তমানে অভ্যন্তরীণ সংযুক্ত আছে ১ লাখ ৩০ হাজার ৭৫৮ কোটি টাকা, বৈদেশিক সংযুক্ত ১৬ কোটি ৪০ লাখ ডলার এবং ৪২ হাজার ৬১৪ কোটি টাকার অস্থাবর সম্পত্তি জব্দ অবস্থায় রয়েছে।

