১০০ বিলিয়ন ডলার রপ্তানির লক্ষ্য বিজিএমইএ সম্মিলিত পরিষদের
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: ২১ মে ২০২৫, ১৬:৪০
ছবি : বাংলাদেশের খবর
তৈরি পোশাক খাতকে ১০০ বিলিয়ন ডলারের রপ্তানি লক্ষ্যে পৌঁছাতে হলে প্রয়োজন সময়োপযোগী ও দক্ষ নেতৃত্ব-যারা সাহস, অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয়ে শিল্পের জন্য কাজ করতে পারবেন বলে মন্তব্য করেছেন বিজিএমইএ নির্বাচনে অংশ নেওয়া সম্মিলিত পরিষদের প্যানেল লিডার মো. আবুল কালাম।
বুধবার (২১ মে) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, ‘আমি শুধু প্যানেল লিডার নয়, আপনাদের সহকর্মী-এই শিল্পের একজন অংশীদার। এটি কেবল একটি নির্বাচনী ইশতেহার নয়, এটি হলো একটি বাস্তবমুখী রোডম্যাপ-যা আমাদের পোশাক শিল্পকে ফিউচার ফিট ও স্মার্ট শিল্পে রূপান্তর করবে।’
নির্বাচনী ইশতেহারে ১২টি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতিগুলো হলো
এসএমই সাপোর্ট সেল :
ক্ষুদ্র ও মাঝারি কারখানাগুলোর জন্য নীতিগত, আর্থিক ও কাঠামোগত সহায়তা নিশ্চিত করা হবে। ভ্যাট, এইচএস কোড, চুক্তি সংক্রান্ত জটিলতা দূরীকরণে সরকার ও সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দেওয়া হয়।
বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তা :
উৎপাদন মৌসুমে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ এবং সংকটকালে বিকল্প প্রণোদনার দাবি জানানো হয়।
ইন্ডাস্ট্রি ৪.০ ও গ্রিন ফান্ডিং :
এআই, এলওটি, ইআরপি, ইসিজি, কোয়ালিটি কন্ট্রোলে প্রশিক্ষণসহ গ্রিন ফান্ডিং ডেস্ক গঠনের ঘোষণা। জিসিএফ ও আইএফসির মতো উৎস থেকে সহজ শর্তে ঋণ সহায়তা প্রদান।
পণ্য ও বাজার বহুমুখীকরণ :
মার্কেট এক্সপ্যানশন ডেস্ক গঠন করে মধ্যপ্রাচ্য, আফ্রিকা, দক্ষিণ আমেরিকায় প্রবেশ নিশ্চিতকরণ। নতুন ক্রেতা সংযোগ এবং সিনথেটিক ও আউটারওয়্যার পণ্যের রপ্তানি বৃদ্ধির পরিকল্পনা।
এলডিসি-পরবর্তী কৌশল :
স্মার্ট রাজস্ব নীতি ও প্রণোদনার মাধ্যমে রপ্তানি প্রবৃদ্ধি ও প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানো হবে।
বাণিজ্য সহায়তা ও এনবিআর সংস্কার :
বন্ড সুবিধা সম্প্রসারণ, গ্রিন চ্যানেল চালু, সোর্স ট্যাক্স হ্রাস এবং কাস্টমস-বন্ড-ভ্যাট ব্যবস্থার যুগোপযোগী সংস্কার।
ইপিআইসি-ওয়ান স্টপ এক্সপোর্ট সাপোর্ট :
নারী উদ্যোক্তা ও এসএমইদের জন্য ডিজিটাল সেবা কাঠামো চালু। স্মার্ট ফ্যাক্টরি রোডম্যাপ ও প্রযুক্তিনির্ভর গাইডলাইন প্রণয়ন করা হবে।
ইউনিফায়েড কোড অব কন্ডাক্ট :
বিভিন্ন ক্রেতার কমপ্লায়েন্স অডিট একত্র করে SME-দের জন্য সহজতর একটি একক নীতিমালা প্রণয়ন।
শ্রমিক সেবা ফান্ড :
ভবিষ্যৎ সংকট মোকাবেলায় শ্রমিকদের জন্য বাধ্যতামূলক মাসিক সঞ্চয় ব্যবস্থা চালু।
সবুজ শিল্পায়ন :
সার্কুলার ইকোনমি, নবায়নযোগ্য জ্বালানি ও কার্বন নির্গমন হ্রাসে কারখানাভিত্তিক রোডম্যাপ ও সহায়তা।
‘মেড ইন বাংলাদেশ-প্রিমিয়াম এডিশন’ :
বাংলাদেশকে আধুনিক, টেকসই ও মূল্যনির্ভর সোর্সিং গন্তব্য হিসেবে তুলে ধরতে গ্লোবাল ব্র্যান্ডিং ক্যাম্পেইন।
অ্যাপারেল ডিপ্লোম্যাসি ও এক্সিট পলিসি :
জিএসপি সুবিধা আদায়ে কূটনৈতিক তৎপরতা এবং দায়িত্বশীলভাবে কারখানা বন্ধ ও পুনর্বিনিয়োগে সহায়তা।
অনুষ্ঠানে বিজিএমইএর সাবেক সভাপতি ও প্রধান সমন্বয়ক ফারুক হাসান অতীত সাফল্য তুলে ধরেন। অর্থনীতিবিদ হাসনাত আলম পোশাক খাত নিয়ে একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন উপস্থাপন করেন।
এএইচএস/এমআই

