ছবি : সংগৃহীত
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভবনের নিরাপত্তায় বিজিবিসহ পুলিশ, র্যাব ও সাদা পোশাকে বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। সেখানকার কর্মকর্তা ও কর্মচারীদের ভবনে পরিচয়পত্র দেখিয়ে প্রবেশ করতে হচ্ছে। অন্যদিকে প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও কর্মচারীরা চার দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন।
বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
শনিবার (২৪ মে) সকাল থেকেই আগারগাঁও এনবিআরের নিচে কর্মবিরতির পাশাপাশি ঢাকার সব কর অঞ্চল, কাস্টম হাউস ও ভ্যাট কমিশনারেটের কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান কর্মসূচি পালন করছেন।
এছাড়া একইভাবে কর্মসূচি পালিত হচ্ছে সারাদেশের সব অফিসেও। কোনো কাজ করা হচ্ছে না কাস্টম হাউসে। এছাড়া কোনো সেবা দেওয়া হচ্ছে না ভ্যাট ও কর অফিসেও। তবে ঘোষণা অনুযায়ী কর্মকর্তা-কর্মচারীরা বলেছেন, রপ্তানি ও আন্তর্জাতিক যাত্রীসেবা কর্মবিরতির আওতামুক্ত রয়েছে।
আন্দোলনকারীদের দাবি, গত ২২ মে এনবিআর চেয়ারম্যানের অপসারণ, এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাতিল, রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শক কমিটির সুপারিশ জনসাধারণের জন্য ওয়েবসাইটে প্রকাশ করা এবং জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক প্রস্তাবিত খসড়া এবং পরামর্শক কমিটির সুপারিশ আলোচনা-পর্যালোচনাপূর্বক প্রত্যাশী সংস্থা, ব্যবসায়ী সংগঠন, সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃত্বসহ সংশ্লিষ্ট অংশীজনের মতামত নিয়ে উপযুক্ত ও টেকসই রাজস্ব ব্যবস্থা সংস্কার নিশ্চিত করা।
আন্দোলনকারীরা বলছেন, ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে।
এনএমএম/এমএইচএস

