যুক্তরাজ্যে বাংলাদেশি পাচারকৃত সম্পদ জব্দে টিআইবির সাধুবাদ
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: ২৫ মে ২০২৫, ১৬:২১
যুক্তরাজ্যে বাংলাদেশ থেকে পাচার হওয়া প্রায় ৯০ মিলিয়ন পাউন্ড মূল্যের বিলাসবহুল সম্পদ জব্দের ঘটনায় সন্তোষ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। প্রতিষ্ঠানটি বলেছে, এটি একটি ইতিবাচক ও আশাব্যঞ্জক পদক্ষেপ—যা পতিত কর্তৃত্ববাদী সরকারের ঘনিষ্ঠ ও সুবিধাভোগীদের বিরুদ্ধে অর্থ পাচার প্রতিরোধে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।
রোববার (২৫ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘যুক্তরাজ্যে বাংলাদেশি অর্থপাচারকারীদের অবৈধ সম্পদ প্রথমবারের মতো জব্দ হওয়ার ঘটনা নিঃসন্দেহে উৎসাহব্যঞ্জক। তবে এটিকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। এটি কেবল হিমশৈলের চূড়া—এর পেছনে আরও বহু ব্যক্তি বিপুল পরিমাণ অর্থ পাচারের সঙ্গে জড়িত।’
তিনি আরও বলেন, ‘এই উদ্যোগের ধারাবাহিকতায় যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে যৌথ আইনি সহায়তা জোরদার হবে, যা পাচারকৃত সম্পদ দ্রুত দেশে ফিরিয়ে আনার পথ সুগম করবে। পাশাপাশি, যুক্তরাজ্যের অনুসরণে অন্যান্য দেশ—যেমন যুক্তরাষ্ট্র, কানাডা, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, হংকং, মালয়েশিয়া এবং সংযুক্ত আরব আমিরাত (বিশেষ করে দুবাই)—তাদের আইনি কাঠামোর আওতায় বাংলাদেশি নাগরিকদের অবৈধ সম্পদ শনাক্ত ও জব্দে কার্যকর পদক্ষেপ নেবে বলে আমরা আশা করি।’
টিআইবি তার বিবৃতিতে এসব দেশকে বাংলাদেশ সরকারের সঙ্গে যৌথ আইনি ও বিশেষায়িত সহায়তার ভিত্তিতে কাজ শুরু করার আহ্বান জানায়। সংগঠনটি চায়, এসব অবৈধ সম্পদ নিজ নিজ দেশের প্রক্রিয়ায় জব্দ করে যথাযথ তদন্ত ও সহযোগিতার মাধ্যমে তা বাংলাদেশে ফিরিয়ে আনা হোক।
ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘অর্থপাচারকারীদের জবাবদিহির আওতায় আনতে শুধু বিদেশি সহায়তাই নয়, দেশের পক্ষ থেকেও কার্যকর উদ্যোগ প্রয়োজন। সরকারের উচিত আন্তর্জাতিক আইনি প্রক্রিয়ার সর্বোচ্চ ব্যবহার করে এই বিষয়ে দৃশ্যমান অগ্রগতি অর্জন করা।’

