বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান এএফএম শাহীনুল ইসলামকে বাধ্যতামূলক ছুটিতে যেতেই হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তবে শাহীনুল জানান, তিনি হাই কমান্ডের নির্দেশে অফিস করছেন।
শাহীনুল বলেন, আমি বাংলাদেশ ব্যাংকের কর্মী নই। গভর্নরের নির্দেশ মানতে আমি বাধ্য নই। হাই কমান্ডের নির্দেশ মেনে আমি বাংলাদেশ ব্যাংকে কাজ করছি।’ তবে এ হাই কমান্ডকে এ বিষয়ে তিনি কিছু বলেননি।
এদিকে, বুধবার (২০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জাকির হোসেন চৌধুরী সাংবাদিকদের জানান, বাংলাদেশ ব্যাংক অর্থ মন্ত্রণালয়ের এফআইডি শাখার অধীনে তিনি কাজ করছেন। গভর্নরের সিদ্ধান্ত তাকে জানানো হয়েছে। তিনি বলেন, গভর্নর যে সিদ্ধান্ত নিয়েছেন, তিনি তা মেনে চলবেন।
বাংলাদেশ ব্যাংক ছুটিতে পাঠালেও কীভাবে বিএফআইইউ প্রধান অফিস করছেন, তা অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেকের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা আজই বাংলাদেশ ব্যাংকের চিঠি পেয়েছি। তাকে ছুটিতে যেতে হবে।’
শাহীনুল দাবি করেছেন, তিনি হাই কমান্ডের নির্দেশে অফিস করছেন। এ হাই কমান্ডকে জানতে চাইলে সচিব বলেন, ‘এটা তার স্ট্যান্ডবাজি।’
এর আগে মঙ্গলবার অনৈতিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বাংলাদেশ ব্যাংক তার বিষয়ে তদন্তসহ জরুরি পদক্ষেপ গ্রহণ করে।
গত ১৯ আগস্ট বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো. নজরুল ইসলামসহ সচেতন ও দেশপ্রেমিক কর্মকর্তা-কর্মচারীরা গভর্নর বরাবর স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে শাহীনুল ইসলামের একাধিক আপত্তিকর ভিডিও প্রকাশিত হয়েছে, যা রাষ্ট্রীয় ও প্রতিষ্ঠানগত ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে।
এনএইচএস/এমবি

