Logo

অর্থনীতি

ডিএসই এটিবি প্ল্যাটফর্মে রানার অটো সাসটেইনেবিলিটি বন্ডের লেনদেন শুরু

Icon

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশ: ২১ আগস্ট ২০২৫, ১১:০৫

ডিএসই এটিবি প্ল্যাটফর্মে রানার অটো সাসটেইনেবিলিটি বন্ডের লেনদেন শুরু

ছবি : বাংলাদেশের খবর

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) অলটারনেটিভ ট্রেডিং বোর্ড (এটিবি) প্ল্যাটফর্মে রানার অটো সাসটেইনেবিলিটি বন্ডের লেনদেন শুরু হয়েছে। এ উপলক্ষে বুধবার (২০ আগস্ট) ডিএসই-এর সঙ্গে রানার অটোমোবাইলস পিএলসি-এর তালিকাভুক্তিকরণ চুক্তি স্বাক্ষরিত হয়।

ডিএসই-এর সিনিয়র ম্যানেজার ও হেড অব ওটিসি মার্কেট ইশরাত জাহান এবং রানার অটোমোবাইলস-এর প্রধান আর্থিক কর্মকর্তা শানাত দত্ত, এফসিএ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে ডিএসই-এর প্রধান পরিচালন কর্মকর্তা ও ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আসাদুর রহমান বলেন, দীর্ঘদিন পর এটিবি প্ল্যাটফর্মে নতুন একটি বন্ড তালিকাভুক্ত হলো। 

তিনি জানান, আইপিও প্রক্রিয়াকে আরও সহজ ও কার্যকর করতে ডিজিটাল আবেদন পদ্ধতি চালু করা হচ্ছে। যার মাধ্যমে কোম্পানিগুলো একসঙ্গে ডিএসই ও বিএসইসিতে আবেদন করতে পারবে এবং আবেদন অগ্রগতি ট্র্যাক করার সুযোগও পাবে।

রানার অটোমোবাইলস-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, এ সাসটেইনেবিলিটি বন্ডের অর্থ তিনটি ক্ষেত্রে ব্যয় হবে— সৌর বিদ্যুৎ উৎপাদন, নিম্ন আয়ের মানুষের জন্য তিন চাকার যানবাহন উৎপাদন এবং কিস্তিতে গাড়ি বিক্রয়ের মাধ্যমে ঋণ সহায়তা প্রদান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএসই-এর প্রধান প্রযুক্তি কর্মকর্তা ড. মো. আসিফুর রহমান, উপমহাব্যবস্থাপক ও ভারপ্রাপ্ত প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা মো. শফিকুল ইসলাম ভূঁইয়া, উপমহাব্যবস্থাপক (ইস্যু মার্কেটিং, প্রমোশন অ্যান্ড ডেট মার্কেট ডেভেলপমেন্ট) সাইয়িদ মাহমুদ জুবায়ের ও রানার অটোমোবাইলস-এর কোম্পানি সচিব মোহাম্মদ মিজানুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উল্লেখ্য, রানার অটো সাসটেইনেবিলিটি বন্ডসহ বর্তমানে ডিএসই এটিবি প্ল্যাটফর্মে ৭টি বন্ড ও ১টি ইকুইটি তালিকাভুক্ত রয়েছে।

এএইচএস/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ঢাকা স্টক এক্সচেঞ্জ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন