ইসলামী ব্যাংকের বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষা শনিবার
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩:২৭
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষা শনিবার (২৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হচ্ছে। আলোচিত এ পরীক্ষায় প্রায় সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা অংশ নেওয়ার কথা থাকলেও বর্জনের ঘোষণা দিয়েছে একাংশ।
এ পরীক্ষার তারিখ গত ২৯ আগস্ট নির্ধারণ করা হলেও হাইকোর্টে রিটের পর তা স্থগিত হয়ে যায়। পরে আদালতের নির্দেশনায় বাংলাদেশ ব্যাংক জানায়, এ ধরনের পরীক্ষা আয়োজন ব্যাংকের নিজস্ব এখতিয়ার। ফলাফলের ভিত্তিতে যেকোনো সিদ্ধান্ত নিতে হলে প্রচলিত আইন ও বিধি মানতে হবে।
তবে পরীক্ষাকে ঘিরে অসন্তোষ প্রকাশ করেছেন অনেক কর্মকর্তা। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে অংশ নিয়ে তারা অভিযোগ করেন, পরীক্ষার মাধ্যমে প্রায় সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা-কর্মচারীকে বাদ দেওয়ার পরিকল্পনা চলছে। নোটিশের মাধ্যমে ভীতি প্রদর্শন করে বলা হয়েছে, পরীক্ষায় অনুপস্থিত থাকলে চাকরি ঝুঁকির মুখে পড়বে এবং উন্নতির সুযোগ বন্ধ হবে।
মানববন্ধনে বক্তারা এ পরীক্ষাকে বৈষম্যমূলক ও অযৌক্তিক বলে দাবি করেন। তাদের অভিযোগ, চট্টগ্রাম অঞ্চলের কর্মকর্তাদের বিশেষভাবে টার্গেট করা হয়েছে, অথচ একই ব্যাচের অন্য অঞ্চলের কর্মকর্তাদের এ পরীক্ষায় বসতে হয়নি।
এ বিষয়ে ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জানিয়েছেন, হাইকোর্টের কোনো নিষেধাজ্ঞা বা স্থগিতাদেশ নেই এবং বাংলাদেশ ব্যাংক থেকেও কোনো বাধা দেওয়া হয়নি। তাই পরীক্ষা গ্রহণে আইনি জটিলতা নেই বলে ব্যাংক মনে করছে।
এএইচএস/এইচকে

