শরিয়াহভিত্তিক ব্যাংক কমিটির সদস্যদের ভাতা নির্ধারণ করল কেন্দ্রীয় ব্যাংক
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ২০:২৪
ছবি : সংগৃহীত
বাংলাদেশে ইসলামী ব্যাংকিং কার্যক্রমে স্বচ্ছতা ও শরিয়াহ পরিপালন নিশ্চিত করতে শরিয়াহ সুপারভাইজরি কমিটির (এসএসসি) সদস্যদের জন্য ভাতা ও যোগ্যতা সংক্রান্ত একটি নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
রোববার (২৮ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতিবিভাগ এই সংক্রান্ত সার্কুলার জারি করে।
নতুন নির্দেশনায় বলা হয়েছে, প্রতিটি ইসলামী ব্যাংক বা ইসলামী ব্যাংকিং উইন্ডো পরিচালনাকারী বাণিজ্যিক ব্যাংকে একটি স্বতন্ত্র শরিয়াহ সুপারভাইজরি কমিটি গঠন করা বাধ্যতামূলক। এই কমিটি গঠনে শরিয়াহ ও ইসলামী অর্থনীতিতে পারদর্শী, নিরপেক্ষ ও অভিজ্ঞ ব্যক্তিদের অন্তর্ভুক্ত করতে হবে।
প্রত্যেক সদস্য মাসিক ২৫,০০০ টাকা সম্মানী পাবেন এবং প্রতিটি সভায় অংশগ্রহণের জন্য অতিরিক্ত সর্বোচ্চ ৮,০০০ টাকা পাবেন। একজন ব্যক্তি সর্বোচ্চ তিনটি প্রতিষ্ঠানের শরিয়াহ কমিটিতে সদস্য হতে পারবেন।
কমিটির সদস্য হতে হলে স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা বোর্ড থেকে ফিকহ, ইসলামী অর্থনীতি, ইসলামী ব্যাংকিং, আরবি বা শরিয়াহ সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। বিশেষভাবে ‘ফিকহ আল মুআমালাত’ বা ইফতা বিষয়ে উচ্চতর ডিগ্রি বা প্রশিক্ষণ থাকতে হবে। শিক্ষাজীবনে কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য নয়।
এছাড়া কমপক্ষে ২ বছর শরিয়াহ বোর্ড বা ফতোয়া কমিটির সদস্য হিসেবে কাজ করার অভিজ্ঞতা এবং ইসলামি ফাইন্যান্স বিষয়ে ২টি স্বলিখিত বই বা প্রবন্ধ প্রকাশ থাকার বাধ্যবাধকতা রয়েছে।
কমিটির সদস্যদের মধ্য থেকে ১ জনকে সর্বোচ্চ ৩ বছরের জন্য চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেবে ব্যাংকের পরিচালনা পর্ষদ। ব্যাংকের শরিয়াহ সচিবালয়ের প্রধান সচিবের দায়িত্ব পালন করবেন, তবে তিনি ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না।
ব্যাংকের পরিচালনা পর্ষদ সদস্যদের যৌক্তিক কারণ দেখিয়ে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে অপসারণ করতে পারবে। সদস্যরাও নোটিশের মাধ্যমে পদত্যাগ করতে পারবেন।
প্রত্যেক ব্যাংকে শরিয়াহ সচিবালয় গঠনের নির্দেশ দেওয়া হয়েছে, যা এসএসসির কার্যক্রমে সার্বিক সহায়তা দেবে। পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকে সচিবালয়ের প্রধানের পদমর্যাদা ব্যবস্থাপনা পরিচালকের নিচের ৪টি পদের মধ্যে এবং প্রচলিত ব্যাংকে ৫টি পদের মধ্যে রাখতে হবে।
এই পদে দায়িত্বপ্রাপ্তদের কমপক্ষে ১০ বছরের ইসলামী ব্যাংকিং অভিজ্ঞতা থাকতে হবে এবং ইসলামি ব্যাংকিং ও শরিয়াহ বিষয়ে উচ্চতর ডিগ্রিধারী হতে হবে।
ব্যাংক ব্যবস্থাপনা, নির্বাহী কমিটি বা পরিচালনা পর্ষদের মধ্যে শরিয়াহ বিষয়ক কোনো মতপার্থক্য দেখা দিলে তা বাংলাদেশ ব্যাংককে জানাতে হবে। পাশাপাশি শরিয়াহ সচিবালয়ের জনবলকে নিয়মিত প্রশিক্ষণের আওতায় আনতে হবে।
এএইচএস/এএ

