ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাকড হয়েছে। হ্যাকাররা পেজের প্রোফাইল ও কভার ছবি পরিবর্তন করে হুমকিমূলক একটি বার্তাও প্রকাশ করেছে।
শুক্রবার (৩ অক্টোবর) ভোর ৫টা ৪২ মিনিটে ‘MS 470X’ পরিচয়ধারী হ্যাকারদের নিয়ন্ত্রণে চলে যায় ব্যাংকের অফিসিয়াল পেজ। হ্যাকাররা পেজে একটি পোস্ট প্রকাশ করে ব্যাংকের কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে এবং শিগগিরই ব্যাংকের ফেসবুক পেজ ও ওয়েবসাইটে সাইবার আক্রমণ চালানো হবে বলে হুমকি প্রদান করেছে। পোস্টে ‘Team MS 470X’ নাম উল্লেখ করা হয়েছে।
হ্যাক হওয়ার বিষয়টি নিশ্চিত করে ব্যাংকের জনসংযোগ বিভাগের প্রধান নজরুল ইসলাম বাংলাদেশের খবরকে জানিয়েছেন, ফেসবুক পেজ এমএস ৪৭০এক্স নামে একটি গ্রুপ হ্যাক করেছে। ইতোমধ্যে ব্যাংকের আইটি বিভাগ বিষয়টি সমাধানে কাজ শুরু করেছে। কিছুক্ষণ পরে বিস্তারিত জানানো হবে।
সকালে পেজে ঢুকে দেখা গেছে, এর নাম পরিবর্তন করা হয়নি, তবে প্রোফাইল ও কভার ছবি হ্যাকারদের নিয়ন্ত্রণাধীন ছবি দিয়ে পরিবর্তিত হয়েছে। কিন্তু এ প্রতিবেদন লেখার সময় (বেলা পোনে ১১টার দিকে) পেজ সার্চ করে আর পাওয়া যায়নি।
ঘটনার পর ব্যাংকের গ্রাহকসহ সাধারণ জনগণের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। তবে ব্যাংকের অনলাইন সেবা এখনো স্বাভাবিকভাবে চালু আছে এবং কোন ধরনের বিঘ্ন ঘটেনি বলে জানা গেছে।

