ঢাকায় শুরু হচ্ছে সৌদি আরব-বাংলাদেশ বিজনেস সামিট
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ১৭:১০
বাংলাদেশ ও সৌদি আরবের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে ঢাকায় শুরু হচ্ছে তিন দিনের ‘সৌদি আরব–বাংলাদেশ বিজনেস সামিট’। অনুষ্ঠান উদ্বোধন হবে দুই দেশের প্রথম যৌথ ব্যবসায়িক সংগঠন— সৌদি আরব-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (SABCCI) দ্বারা।
রোববার (৫ অক্টোবর) রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসএবিসিসিআই সভাপতি আশরাফুল হক চৌধুরী বলেন, ‘সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে শক্তিশালী অর্থনৈতিক ও বিনিয়োগ সম্পর্ক গড়তে এই যৌথ উদ্যোগ সময়ের দাবি। বাংলাদেশের তৈরি পোশাক, কৃষিপণ্য, আইটি, ডিজিটাল ফাইন্যান্স ও পাটজাত পণ্যে সৌদি বাজারে বিশাল সম্ভাবনা রয়েছে। আমরা দক্ষ জনশক্তি পাঠানো ছাড়াও পেট্রোকেমিক্যাল, ইস্পাত, কৃষিশিল্প, গ্রিন টেকনোলজি, সাইবার সিকিউরিটি ও সেমিকন্ডাক্টর খাতে যৌথ বিনিয়োগে আগ্রহী।’
তিন দিনের সামিটে ৬ অক্টোবর সৌদি প্রতিনিধি দলের আগমন এবং রিসিপশন ডিনার অনুষ্ঠিত হবে। ৭ অক্টোবর সকাল থেকে হোটেল শেরাটন, বনানীতে বিজনেস সামিট অনুষ্ঠিত হবে, যেখানে প্রধান অতিথি থাকবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন এবং বিশেষ অতিথি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। দুই দেশের ব্যবসায়ী প্রতিনিধি ও বিশেষজ্ঞরা অংশ নিয়ে অর্থনৈতিক ও বিনিয়োগ বিষয়ক আলোচনা করবেন। একই দিন সন্ধ্যা ৭টায় গ্র্যান্ড লঞ্চিং অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, যার প্রধান অতিথি পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং বিশেষ অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শেষ দিন ৮ অক্টোবর বিজনেস টু বিজনেস (বিটুবি) মিটিং এবং সৌদি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে চেম্বারের সহসভাপতি আহমেদ ইউসুফ ওয়ালিদ বলেন, ‘দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোই এসএবিসিসিআই-এর মূল লক্ষ্য। পাশাপাশি সৌদি আরবে থাকা বাংলাদেশি ব্যবসায়ীদের বিকাশেও আমরা কাজ করব।’
প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক উজমা চৌধুরী ও সিটি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মেজবাউল আসিফ সিদ্দিকী বলেন, দক্ষ ও শিক্ষিত জনশক্তি পাঠালে রেমিট্যান্স ও রপ্তানি— দুই ক্ষেত্রেই বাংলাদেশের অবস্থান আরও শক্ত হবে এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণ সহজ হবে।
আশরাফুল হক চৌধুরী এই সামিটকে দেশের কল্যাণে এক বিশাল কর্মযজ্ঞ উল্লেখ করে একে সফল করতে সাংবাদিকদের সহযোগিতা ও সমর্থন চান।
এএইচএস/এমএইচএস

