আবারও ৮ ব্যাংক থেকে ১০৪ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ২০:৩১
ছবি : সংগৃহীত
প্রবাসী আয়ের সঙ্গে রপ্তানি প্রবাহ বাড়ায় ডলারের বাজার স্থিতিশীল করতে আবারও ১০৪ মিলিয়ন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। ডলারের দাম স্বাভাবিক রাখার লক্ষ্যে নিয়মিত উদ্যোগের অংশ হিসেবে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাটি এসব ডলার কিনছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এসব তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ ব্যাংক আবারও ডলারের নিলাম করেছে। নিলাম পদ্ধতিতে (বিভিন্ন দর ভিত্তিতে) ৮টি ব্যাংক থেকে মোট ১০৪ মিলিয়ন মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। নিলামে প্রতি ডলারের বিনিময় হার ছিল ১২১ টাকা ৭৮ পয়সা থেকে ১২১ টাকা ৮০ পয়সা।
চলতি ২০২৫-২৬ অর্থবছরে নিলাম পদ্ধতিতে বাংলাদেশ ব্যাংকের মোট ডলার ক্রয়ের পরিমাণ দাঁড়িয়েছে ১,৯৮১ মিলিয়ন মার্কিন ডলার।
বাংলাদেশ ব্যাংক ২০২৪ সালের শেষ দিক থেকে ধাপে ধাপে ডলার ক্রয়-বিক্রিতে ‘মাল্টিপল প্রাইস অকশন’ পদ্ধতি চালু করে। এতে বাজার-চালিত হার নির্ধারণে সহায়তা এবং বৈদেশিক মুদ্রা বাজারে স্থিতিশীলতা ফেরানোর চেষ্টা করা হচ্ছে বলে জানা গেছে।
এএইচএস/এএ

