Logo

অর্থনীতি

হাসিনার পাচার করা অর্থ উদ্ধারে আন্তর্জাতিক প্রতিষ্ঠানের দ্বারস্থ কেন্দ্রীয় ব্যাংক

Icon

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ২১:০২

হাসিনার পাচার করা অর্থ উদ্ধারে আন্তর্জাতিক প্রতিষ্ঠানের দ্বারস্থ কেন্দ্রীয় ব্যাংক

ছবি : সংগৃহীত

শেখ হাসিনাসহ তার পরিবারের সদস্যদের বিদেশে পাচার করা অর্থ দেশে ফিরিয়ে আনতে ১২টি আন্তর্জাতিক সম্পদ পুনরুদ্ধার ও আইনজীবী প্রতিষ্ঠানের সহায়তা নিতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। 

সোমবার (৬ অক্টোবর) রাজধানীতে বাণিজ্যিক ব্যাংকগুলোর কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।

বৈঠক সূত্র জানায়, আন্তর্জাতিক অ্যাসেট রিকভারি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমঝোতা স্মারক বা চুক্তি করার প্রস্তাব দেওয়া হয়েছে। এসব প্রতিষ্ঠান আইনি ও কারিগরি সহায়তা দিয়ে বিদেশে পাচার হওয়া অর্থ উদ্ধার কার্যক্রমে কাজ করবে।

ইসলামী ব্যাংক বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খান বলেন, ‘আমরা আন্তর্জাতিক ল’ফার্ম ও অ্যাসেট রিকভারি প্রতিষ্ঠান এনগেজ করলে তারা বাংলাদেশে পাচার হওয়া অর্থ ফেরাতে সহায়তা করতে পারবে। কিছু ব্যাংক লিড ব্যাংক হিসেবে কাজ করবে, আবার কয়েকটি ব্যাংক কনসোর্টিয়াম আকারে অংশ নেবে।’

তিনি আরও জানান, বিভিন্ন সংস্থার প্রাথমিক তথ্য অনুযায়ী বেশ কয়েকটি শিল্পগোষ্ঠীর অর্থ পাচারের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে গোপনীয়তার চুক্তি (এনডিএ) করার প্রক্রিয়াও শুরু হয়েছে।

বৈঠকে এবি ব্যাংকের এমডি মিজানুর রহমান বলেন, ‘এ উদ্যোগটি কোনো একক ব্যাংকের নয়; বরং সম্মিলিত ব্যাংকিং কাঠামোর অংশ হিসেবে নেওয়া হচ্ছে।’

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র বলছে, আন্তর্জাতিকভাবে পাচারকৃত অর্থ উদ্ধারে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অন্যান্য দেশের সংশ্লিষ্ট সংস্থার সহায়তা নেয়ারও পরিকল্পনা রয়েছে।

সূত্র জানায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের নাম ছাড়াও পাচারের সঙ্গে সংশ্লিষ্ট তালিকায় রয়েছেন — সাবেক ভূমি-মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর আরামিট গ্রুপ, এস আলম গ্রুপ, বেক্সিমকো, বসুন্ধরা, শিকদার গ্রুপ, নাসা গ্রুপ, ওরিয়ন, জেমকন, নাবিল, সামিট প্রভৃতি। এসব গোষ্ঠীর মাধ্যমে পাচার হওয়া অর্থের কিছু অংশ সুবিধাভোগী হিসেবে সাবেক প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের কাছে পৌঁছেছে। 

পাচারকৃত অর্থ উদ্ধারে আগে কাজ করা আন্তর্জাতিক ৪টি সংস্থার নামও উল্লেখ করা হয়েছে — দ্য স্টোলেন অ্যাসেট রিকভারি, ইন্টারন্যাশনাল অ্যান্টি-করাপশন কোঅর্ডিনেশন সেন্টার, যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব জাস্টিস এবং ইন্টারন্যাশনাল সেন্টার ফর অ্যাসেট রিকভারি।

এএইচএস/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন