Logo

অর্থনীতি

বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ

প্রযুক্তি বিনিয়োগকারীদের ক্ষমতায়নে নতুন দিগন্ত খুলেছে : ডিবিএ সভাপতি

Icon

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ০৮:৩৩

প্রযুক্তি বিনিয়োগকারীদের ক্ষমতায়নে নতুন দিগন্ত খুলেছে : ডিবিএ সভাপতি

ছবি : বাংলাদেশের খবর

বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ-২০২৫ উপলক্ষে রাজধানীতে ‘উদীয়মান প্রযুক্তি ও ডিজিটাল ফাইন্যান্সে বিনিয়োগকারীর ক্ষমতায়ন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) এ আয়োজন করে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই), ডিএসই ব্রোকারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) ও সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার মো. সাইফুদ্দিন, সিএফএ। সভাপতিত্ব করেন ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএসই চেয়ারম্যান মমিনুল ইসলাম ও সিএসই চেয়ারম্যান একেএম হাবিবুর রহমান।

ডিএসই’র ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আসাদুর রহমান স্বাগত বক্তব্যে জানান, প্রতি বছর আন্তর্জাতিক সংস্থা আইওএসসিও’র উদ্যোগে বিশ্বজুড়ে বিনিয়োগকারীদের শিক্ষা ও সুরক্ষায় এ সপ্তাহ পালিত হয়। এবারের মূল বিষয় তিনটি— প্রযুক্তি ও ডিজিটাল ফাইন্যান্স, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং জালিয়াতি প্রতিরোধ।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম। তিনি বলেন, ‘ডিজিটাল ফাইন্যান্স ও উদীয়মান প্রযুক্তি দেশের পুঁজিবাজারে বিনিয়োগকারীদের ক্ষমতায়নের নতুন দিগন্ত খুলেছে। সচেতন ও তথ্যনির্ভর বিনিয়োগকারীরাই বাজারকে টেকসই করে।’ তিনি আরও জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা, ব্লকচেইন ও ডেটা অ্যানালিটিক্সের প্রয়োগ বাজারে স্বচ্ছতা ও দক্ষতা বাড়াচ্ছে। বিনিয়োগকারীদের ক্ষমতায়নের জন্য শিক্ষা ও সচেতনতা বৃদ্ধি, ডিজিটাল ঝুঁকি ব্যবস্থাপনা, অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ এবং স্বচ্ছ তথ্যপ্রকাশে গুরুত্বারোপ করতে হবে।

সিডিবিএল ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল মোতালেব চৌধুরী জানান, বিনিয়োগকারীদের সুবিধার্থে ই-মেইল ও মোবাইল নোটিফিকেশন সেবা চালু করা হয়েছে। ডিএসই চেয়ারম্যান মমিনুল ইসলাম বলেন, প্রযুক্তিতে বিনিয়োগ বাড়লেও স্টেকহোল্ডারদের সমন্বয়ের অভাবে সুফল পুরোপুরি পাওয়া যাচ্ছে না।

সিএসই চেয়ারম্যান একেএম হাবিবুর রহমান বলেন, ‘অটোমেশন ও ডিজিটালাইজেশনের পরও কিছু অনিয়ম হচ্ছে, যা নির্দেশ করে প্রযুক্তির যথাযথ প্রয়োগ ও তদারকি এখনো সম্পূর্ণ কার্যকর হয়নি।’ তিনি বিনিয়োগকারীদের আর্থিক সাক্ষরতা বাড়ানোর ওপর জোর দেন।

বিএসইসি কমিশনার মো. সাইফুদ্দিন বলেন, ‘তথ্য প্রকাশে স্বচ্ছতার ঘাটতি এখনো বাজারের বড় চ্যালেঞ্জ। এ সমস্যা সমাধানে বিএসইসি আন্তর্জাতিক মানের Extended Business Reporting Model (XBRM) চালু করছে, যা গবেষণা, বিশ্লেষণ ও নজরদারি সহজ করবে।’

সমাপনী বক্তব্যে ডিএসই পরিচালক মেজর জেনারেল (অব.) মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ‘নিজস্ব প্রযুক্তি তৈরি না করলে সব সময় প্রযুক্তি সরবরাহকারীদের ওপর নির্ভরশীল থাকতে হবে। তরুণ প্রজন্মকে এই খাতে সম্পৃক্ত করতে হবে।’

সপ্তাহব্যাপী আয়োজনে বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানানো হয়— বিনিয়োগের আগে তথ্য যাচাই করা, স্বাধীনভাবে গবেষণা করা এবং ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারে সতর্ক থাকা।

এএইচএস/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন