টানা বৃদ্ধির পর দেশে সোনার দাম কমল ভরিতে ৮ হাজার ৩৮৬ টাকা
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫, ০৮:০৭
ফাইল ছবি
দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সর্বোচ্চ মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম কমানো হয়েছে ৮ হাজার ৩৮৬ টাকা। নতুন দামে এক ভরি সোনার মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ৮ হাজার ৯৯৬ টাকা। আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) থেকেই এই দাম কার্যকর হবে।
বুধবার (২২ অক্টোবর) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করা হয়।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে গত ২০ অক্টোবর সোনার দাম বাড়ানো হয়েছিল। তখন সর্বোচ্চ মানের এক ভরি সোনার দাম ইতিহাসের সর্বোচ্চ ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকায় পৌঁছেছিল। মাত্র তিন দিনের ব্যবধানে সেই রেকর্ড ভেঙে দাম কিছুটা কমানো হলো।
নতুন দামে ২১ ক্যারেটের এক ভরি সোনায় ৮ হাজার ২ টাকা কমিয়ে ১ লাখ ৯৯ হাজার ৫০১ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের এক ভরিতে ৬ হাজার ৮৫৯ টাকা কমে নতুন দাম হয়েছে ১ লাখ ৭০ হাজার ৯৯৪ টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনায় কমেছে ৫ হাজার ৮৫৯ টাকা, নতুন দাম ১ লাখ ৪২ হাজার ২১৯ টাকা।
সোনার সঙ্গে রূপার দামও কমানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রূপার নতুন দাম ৫ হাজার ৪৭০ টাকা, যা পূর্বের তুলনায় ৭৩৫ টাকা কম। ২১ ক্যারেটের এক ভরি রূপার দাম ৫ হাজার ২১৪ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ৪৬৭ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৩৫৯ টাকা।
বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে ধাতুর দামের ওঠানামা এবং অভ্যন্তরীণ বাজারের অবস্থা বিবেচনায় ভবিষ্যতেও প্রয়োজনে সোনার দাম সমন্বয় করা হবে।
এমএইচএস

