মেধাবীদের চাকরি ছাড়া ঠেকাতে বাড়তি বোনাস দিচ্ছে বাংলাদেশ ব্যাংক
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫, ১০:৪৯
মেধাবীদের চাকরিতে আকৃষ্ট করতে বাংলাদেশ ব্যাংক গ্রেড-৯ ও গ্রেড-১০ পদে সরাসরি নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের মেধার ভিত্তিতে অতিরিক্ত ইনক্রিমেন্ট (বাড়তি বোনাস) ফের চালু করেছে। যেসব কর্মকর্তার শিক্ষাজীবনে চারটি প্রথম শ্রেণি বা বিভাগ রয়েছে, তারা নির্ধারিত ইনক্রিমেন্টের অতিরিক্ত আরও তিনটি ইনক্রিমেন্ট বা বোনাস উপভোগ করবেন। যাদের তিনটিতে প্রথম শ্রেণি বা বিভাগ রয়েছে, তারা অতিরিক্ত দুটি ইনক্রিমেন্ট (বোনাস) পাবেন। সাধারণত কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা প্রতিবছর একটি (৫ শতাংশ হারে) ইনক্রিমেন্ট পান। তার সঙ্গে মেধাবীদের বাড়তি ইনক্রিমেন্ট যোগ হবে। এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।
মঙ্গলবার (২১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-২-এর পরিচালক নাসিমা সুলতানা স্বাক্ষরিত একটি অভ্যন্তরীণ সার্কুলারে এ তথ্য জানানো হয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, সরাসরি নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়ার ফলে প্রাপ্তরা চাকরিতে যোগদানের শুরু থেকেই অতিরিক্ত ইনক্রিমেন্ট পাবেন। এসব কর্মকর্তাকে নিয়োগপ্রাপ্তির পূর্বে অর্জিত শিক্ষাগত যোগ্যতার উৎকর্ষতার ভিত্তিতে প্রাপ্যতা অনুসারে সর্বোচ্চ ৩ এবং বুনিয়াদি প্রশিক্ষণের সামগ্রিক মূল্যায়নে প্রাপ্ত শতকরা নম্বরের ভিত্তিতে ১টিসহ সর্বোচ্চ ৪টি অতিরিক্ত ইনক্রিমেন্ট প্রদান করা হবে। নিয়মিত ইনক্রিমেন্টসহ সর্বোচ্চ মোট ইনক্রিমেন্ট হবে ৫টি। একজন কর্মকর্তা যোগদানের পর থেকেই ইনক্রিমেন্ট পেলেও চাকরি স্থায়ীকরণের পর বকেয়া হিসাবে ইনক্রিমেন্টের অর্থ পাবেন।
বাংলাদেশ ব্যাংকের পরিচালক পর্ষদের ২০২৪ সালের ৮ ডিসেম্বর অনুষ্ঠিত ৪৩৮তম সভার সিদ্ধান্তক্রমে গ্রেড-৯ ও গ্রেড-১০ ভুক্ত পদে নিয়োগপ্রাপ্তদের নিয়োগের পূর্বে অর্জিত শিক্ষাগত যোগ্যতা [এসএসসি বা সমমান, এইচএসসি বা সমমান, স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর]-এর উৎকর্ষতার ভিত্তিতে অতিরিক্ত ইনক্রিমেন্ট প্রদান করা হবে।
আরও জানা যায়, যেসব প্রশিক্ষণার্থী বুনিয়াদি প্রশিক্ষণে সামগ্রিক মূল্যায়নের ভিত্তিতে ৮০ শতাংশ বা তদূর্ধ্ব নম্বর প্রাপ্ত হবেন, তাদের মধ্য থেকে সর্বোচ্চ ২০ শতাংশ কর্মকর্তাকে ১টি অতিরিক্ত ইনক্রিমেন্ট প্রদান করা হবে। অতিরিক্ত ইনক্রিমেন্টপ্রাপ্ত কর্মকর্তারা স্বীয় পদে (গ্রেড-৯/গ্রেড-১০ ভুক্ত) স্থায়ীকরণ হওয়ার পর নিয়োগপ্রাপ্তির তারিখ থেকে বকেয়াসহ ইনক্রিমেন্ট পাবেন। তবে উক্ত সময়ের মধ্যে কোনো কর্মকর্তার বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন না হয়ে থাকলে, পরবর্তীতে যখনই তা সম্পন্ন হবে তখনই তিনি উক্ত প্রশিক্ষণের জন্য নির্ধারিত ১টি অতিরিক্ত ইনক্রিমেন্ট (যদি পাওয়ার যোগ্য হন) নিয়োগপ্রাপ্তির তারিখ থেকে বকেয়াসহ পাবেন।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাংলাদেশ ব্যাংকে নবম ও দশম গ্রেডের কর্মকর্তারা শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে ইনক্রিমেন্ট পেতেন। কিন্তু ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে তা কোনো কারণ দর্শানো ছাড়াই কয়েকটি ব্যাচের কর্মকর্তাদের জন্য বন্ধ করা হয়। তবে ২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পালাবদলের পর তা পুনরায় চালু হয়। যদিও পরে বাংলাদেশ ব্যাংকের পরিচালক পর্ষদে গত ৮ ডিসেম্বর আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হয়। সর্বশেষ মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।
বাংলাদেশ ব্যাংকের চাকরি থেকে অব্যাহতি নেওয়া একাধিক কর্মকর্তা জানান, বাংলাদেশ ব্যাংকের চাকরি তুলনামূলক ভালো মনে করা হয়। বেশি সুযোগ-সুবিধার জন্য অনেকে বিসিএসে সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও বাংলাদেশ ব্যাংকে থেকে যেতেন। এখন চিত্রটা বদলে গেছে। বাংলাদেশ ব্যাংকের ক্রমান্বয়ে সুবিধা কমিয়ে আনা হচ্ছে। এমন পরিস্থিতিতে সুযোগ পেলেই বাংলাদেশ ব্যাংকের চাকরি ছেড়ে দেওয়া শ্রেয় বলে মনে করছেন অনেকে।
২০২৪ সালের ২৩ এপ্রিল বাংলাদেশ ব্যাংক অফিস আদেশে জানায়, প্রতিষ্ঠানটির ৫৭ জন কর্মকর্তা চাকরি ছেড়ে দিয়েছেন। বাংলাদেশ সিভিল সার্ভিসসহ (বিসিএস) অন্যান্য চাকরিতে যোগ দেওয়ার জন্য কেন্দ্রীয় ব্যাংকের চাকরি ছেড়েছেন তারা। পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন একজন উপপরিচালক ও একজন অফিসার। বাকি ৫৫ জন সহকারী পরিচালক। মূলত তুলনামূলক আরও ভালো চাকরি পাওয়ায় বাংলাদেশ ব্যাংক থেকে চাকরি ছেড়েছেন ওই ৫৭ কর্মকর্তা।
এএইচএস/এমএইচএস

