সঞ্চয়পত্রের মুনাফার হার কমানোর সিদ্ধান্ত ৬ মাসের জন্য স্থগিত
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৬, ১৯:৩৮
সঞ্চয়পত্রের মুনাফা হার কমানোর সিদ্ধান্ত আপাতত কার্যকর হচ্ছে না। ছয় মাসের জন্য এ সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) থেকে পাঠানো এ সংক্রান্ত নথিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সই করেছেন।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আজ রোববারই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ।
এর আগে গত বৃহস্পতিবার, নতুন বছরের প্রথম দিন থেকে সব ধরনের সঞ্চয়পত্রে মুনাফার হার কমানোর সিদ্ধান্ত নেয় সরকার। সে অনুযায়ী ১ জানুয়ারি থেকে কেনা সঞ্চয়পত্রে মেয়াদ পূর্তিতে মুনাফা প্রায় সাড়ে ১০ শতাংশ নির্ধারণ করা হয়েছিল, যা আগে ছিল প্রায় ১২ শতাংশের কাছাকাছি। প্রজ্ঞাপনে বলা হয়েছিল, আগামী ছয় মাসে কেনা সঞ্চয়পত্রে এই নতুন হার কার্যকর হবে। তবে এখন সেই সিদ্ধান্তই ছয় মাসের জন্য স্থগিত থাকছে।
বর্তমানে দেশে চার ধরনের সঞ্চয়পত্র এবং পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট নামে সরকারের একটি সঞ্চয় স্কিম চালু আছে। প্রতিটি ক্ষেত্রে সাড়ে ৭ লাখ টাকা পর্যন্ত এবং এর বেশি বিনিয়োগের জন্য আলাদা মুনাফার হার নির্ধারিত। ৭ লাখ ৫০ হাজার টাকার বেশি বিনিয়োগে মুনাফার হার তুলনামূলক কম দেওয়া হয়। একজন ব্যক্তি সর্বোচ্চ ৫০ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে পারেন।
পরিবার সঞ্চয়পত্রে সাড়ে ৭ লাখ টাকার কম বিনিয়োগে পাঁচ বছর মেয়াদ শেষে মুনাফার হার ১১ দশমিক ৯৩ শতাংশই বহাল থাকছে। সাড়ে ৭ লাখ টাকার বেশি বিনিয়োগে মুনাফার হার ১১ দশমিক ৮০ শতাংশ অপরিবর্তিত রয়েছে।
পেনশনার সঞ্চয়পত্রে সাড়ে ৭ লাখ টাকার কম বিনিয়োগে মেয়াদ পূর্তিতে মুনাফা ১১ দশমিক ৯৮ শতাংশ এবং এর বেশি বিনিয়োগে ১১ দশমিক ৮০ শতাংশ—এই দুই হারই বহাল রাখা হয়েছে।
পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে সাড়ে ৭ লাখ টাকার কম বিনিয়োগে মেয়াদ শেষে মুনাফার হার ১১ দশমিক ৮৩ শতাংশ এবং এর বেশি বিনিয়োগে ১১ দশমিক ৮০ শতাংশ আগামী ছয় মাস অপরিবর্তিত থাকবে।
এ ছাড়া তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রে সাড়ে ৭ লাখ টাকার কম বিনিয়োগে মুনাফার হার ১১ দশমিক ৮২ শতাংশ এবং সাড়ে ৭ লাখ টাকার বেশি বিনিয়োগে ১১ দশমিক ৭৭ শতাংশই বহাল থাকছে।
এনএ

