স্বর্ণের দাম কমল, ভরি ২ লাখ ৫৭ হাজার ৭৭৪ টাকা
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:৪৯
ছবি: সংগৃহীত
দেশের বাজারে স্বর্ণের দাম কিছুটা কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১ হাজার ৯২৫ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৭ হাজার ৭৭৪ টাকা।
স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম কমার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী সোমবার (২ ফেব্রুয়ারি) থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
রোববার (১ ফেব্রুয়ারি) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে শনিবার সকালে একই কমিটির বৈঠকে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ১৫ হাজার ৭৪৬ টাকা কমানোর ঘোষণা দেওয়া হয়, যা কার্যকর হয় সকাল ১০টা থেকে। তবে ওই ঘোষণার ১১ ঘণ্টা পর রাতে আবার ভরিতে ৪ হাজার ৮২ টাকা দাম বাড়ানোর সিদ্ধান্ত জানানো হয়, যা রোববার থেকে কার্যকর হয়। একদিনের মধ্যেই দাম কমানো ও বাড়ানোর পর এবার আবার স্বর্ণের দাম কমানো হলো।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৯২৫ টাকা কমিয়ে ২ লাখ ৫৭ হাজার ৭৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৮৬৬ টাকা কমিয়ে ২ লাখ ৪৬ হাজার ৫২ টাকা করা হয়েছে।
এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৬৩৩ টাকা কমিয়ে ২ লাখ ১০ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৩৪১ টাকা কমিয়ে ১ লাখ ৭২ হাজার ৫৬৯ টাকা করা হয়েছে।
এর আগে শনিবার ঘোষণায় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৪ হাজার ৮২ টাকা বাড়িয়ে ২ লাখ ৫৯ হাজার ৬৯৯ টাকা নির্ধারণ করা হয়। একই সঙ্গে ২১ ক্যারেটের স্বর্ণের দাম ৩ হাজার ৯০৭ টাকা বাড়িয়ে ২ লাখ ৪৭ হাজার ৯১৮ টাকা করা হয়।
এ ছাড়া ১৮ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ৩ হাজার ৩৮২ টাকা বাড়িয়ে ২ লাখ ১২ হাজার ৫১৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ২ হাজার ৪১ টাকা বাড়িয়ে ১ লাখ ৭৩ হাজার ৯১০ টাকা নির্ধারণ করা হয়েছিল। রোববার সারাদিন এই দামে স্বর্ণ বিক্রি হয়েছে।
স্বর্ণের দাম কমানো হলেও রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৭ হাজার ২৯০ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৬ হাজার ৯৪০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৯৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৪৩২ টাকা রাখা হয়েছে।

