ফাইল ছবি
ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আরও এক দফা বাড়িয়েছে সরকার। ফেব্রুয়ারি মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ৫০ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে নতুন এই দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সংস্থাটি জানিয়েছে, আজ সোমবার সন্ধ্যা ৬টা থেকেই নতুন এই মূল্য কার্যকর হবে।
বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ এক সংবাদ সম্মেলনে জানান, জানুয়ারি মাসে ১২ কেজি এলপিজির দাম ছিল ১ হাজার ৩০৬ টাকা। ফেব্রুয়ারি মাসের জন্য তা ৫০ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৫৬ টাকা করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দাম বাড়ায় স্থানীয় বাজারে এই সমন্বয় করা হয়েছে।
এর আগে গত ৪ জানুয়ারি ১২ কেজি সিলিন্ডারের দাম ৫৩ টাকা বাড়ানো হয়েছিল। তখন দাম নির্ধারিত হয়েছিল ১ হাজার ৩০৬ টাকা। অর্থাৎ দুই মাসের ব্যবধানে ১২ কেজি সিলিন্ডারে দাম বাড়ল ১০৩ টাকা।
এলপিজির পাশাপাশি যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও বাড়িয়েছে বিইআরসি। ফেব্রুয়ারি মাসে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার অটোগ্যাসের দাম ২ টাকা ৩৪ পয়সা বাড়িয়ে মূসকসহ ৬২ টাকা ১৪ পয়সা নির্ধারণ করা হয়েছে। জানুয়ারি মাসে এর দাম ছিল ৫৯ টাকা ৮০ পয়সা।
উল্লেখ্য, প্রতি মাসের শুরুতে বিইআরসি আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এলপিজি ও অটোগ্যাসের দাম নির্ধারণ করে থাকে। তবে সাধারণ ভোক্তাদের অভিযোগ, সরকারি নির্ধারিত মূল্যে বাজারে গ্যাস পাওয়া যায় না; অনেক ক্ষেত্রেই খুচরা পর্যায়ে নির্ধারিত দামের চেয়ে বেশি টাকা গুণতে হয় সাধারণ মানুষকে।
এমএইচএস

