৭ মাসে দেশে এল ১৯.৬১ বিলিয়ন ডলারে, রেমিট্যান্স প্রবাহ ২২.৭ শতাংশ বৃদ্ধি
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৩৩
গ্রাফিক্স : বাংলাদেশের খবর
দেশের অর্থনীতিতে সুবাতাস বইছে প্রবাসীদের পাঠানো আয়ের মাধ্যমে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, সদ্য সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরের তুলনায় চলতি ২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্স বা প্রবাসী আয়ে বড় ধরনের উন্নতি দেখা গেছে। অর্থবছরের প্রথম সাত মাসে রেমিট্যান্স প্রবাহে ২২ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, চলতি ২০২৫-২৬ অর্থবছরের ১ জুলাই থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে প্রবাসীরা মোট ১৯ হাজার ৬১৭ মিলিয়ন (১৯.৬১ বিলিয়ন) মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। গত অর্থবছরের একই সময়ে এই প্রবাহের পরিমাণ ছিল ১৫ হাজার ৯৮০ মিলিয়ন ডলার। অর্থাৎ গত বছরের তুলনায় এবার ৩ হাজার ৬৩৭ মিলিয়ন ডলার বেশি রেমিট্যান্স এসেছে।
চলতি অর্থবছরের ফেব্রুয়ারি মাসের প্রথম দিনেই রেমিট্যান্স আসার গতি ছিল চোখে পড়ার মতো। গত ১ ফেব্রুয়ারি এক দিনেই প্রবাসীরা ১৮৪ মিলিয়ন ডলার দেশে পাঠিয়েছেন। উল্লেখ্য যে, গত অর্থবছরের ফেব্রুয়ারি মাসের প্রথম দিনে রেমিট্যান্স এসেছিল মাত্র ১৯ মিলিয়ন ডলার। সেই তুলনায় এবার এক দিনেই রেমিট্যান্স বেড়েছে প্রায় ১০ গুণ।
সংশ্লিষ্টরা মনে করছেন, বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর ব্যাপারে সরকারের উৎসাহ প্রদান এবং প্রবাসীদের আস্থার প্রতিফলন ঘটেছে এই পরিসংখ্যানে। রেমিট্যান্সের এই ঊর্ধ্বমুখী ধারা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে এবং ডলার সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এমএইচএস

