বিদেশ থেকে কতটুকু সোনা আনা যাবে, জেনে নিন নতুন ব্যাগেজ নিয়ম
অর্থনীতি ডেস্ক
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৮
দেশের বাজারে সোনার দাম এখন আকাশচুম্বী। ভরিতে আড়াই লাখ টাকার ঘর ছাড়ানো এই মূল্যবান ধাতুটি এখন মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাচ্ছে। এমন পরিস্থিতিতে প্রবাসীরা কিংবা বিদেশ ভ্রমণ শেষে দেশে ফেরার সময় অনেকেই প্রিয়জনের জন্য সোনার গয়না বা বার সাথে করে নিয়ে আসতে চান। তবে শুল্কমুক্ত সুবিধা এবং কর পরিশোধের নিয়ম না জানলে বিমানবন্দরে বিড়ম্বনায় পড়ার আশঙ্কা থাকে। চলতি অর্থবছরের ব্যাগেজ রুলস অনুযায়ী, যাত্রীদের জন্য সোনা আনার নিয়মে কিছু সুনির্দিষ্ট পরিবর্তন ও সুবিধা আনা হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, একজন বিদেশফেরত যাত্রী বছরে একবার কোনো ধরনের শুল্ক ছাড়াই সর্বোচ্চ ১০০ গ্রাম (প্রায় ৮ ভরি ১০ আনা) ওজনের সোনার অলংকার সাথে আনতে পারবেন। তবে এক্ষেত্রে একটি শর্ত রয়েছে; গয়নার সংখ্যা কোনোভাবেই ১২টির বেশি হওয়া যাবে না। যদি কোনো যাত্রী সোনার বার বা গোল্ড বার আনতে চান, তবে তাকে নির্দিষ্ট হারে শুল্ক পরিশোধ করতে হবে। বর্তমান নিয়ম অনুসারে, তোলাপ্রতি ৫ হাজার টাকা শুল্ক দিয়ে একজন যাত্রী বছরে সর্বোচ্চ ১০ তোলা ওজনের একটি সোনার বার দেশে আনতে পারবেন।
বিমানবন্দরে নামার পর সোনা আনার এই প্রক্রিয়াটি শুরু হয় ব্যাগেজ ঘোষণা ফরম পূরণের মাধ্যমে। এই ফরমে যাত্রীর নাম, পাসপোর্ট নম্বর, ফ্লাইটের তথ্যসহ সঙ্গে থাকা পণ্যের বিবরণ দিতে হয়। তবে যাদের কাছে ১০০ গ্রামের কম অলংকার বা ২০০ গ্রামের কম রুপার অলংকার রয়েছে, তাদের এই ফরম পূরণের প্রয়োজন নেই। তারা সরাসরি গ্রিন চ্যানেল ব্যবহার করে বিমানবন্দর ত্যাগ করতে পারবেন। কিন্তু শুল্কযোগ্য পণ্য থাকলে অবশ্যই লাল চ্যানেল (Red Channel) ব্যবহার করতে হবে এবং যথাযথভাবে কর পরিশোধ করতে হবে।
এমএন

