চট্টগ্রাম বন্দরে আজ থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৮
ডিপি ওয়ার্ল্ডকে নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা না দেওয়ার দাবিতে রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ঘোষণা দিয়েছে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ।
এ ধর্মঘটের আওতায় এবার জেটি, ইয়ার্ড, টার্মিনাল, প্রশাসনিক ভবন ও বহির্নোঙরে (আউটার লাইটারেজ) পরিচালন কাজ বন্ধ থাকবে। আগের ধর্মঘটে বহির্নোঙরে কার্যক্রম সচল ছিল। এ পরিস্থিতিতে ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
উদ্ভূত পরিস্থিতিতে বন্দর কর্তৃপক্ষ প্রায় ২০০ সাধারণ কর্মচারী ও শ্রমিককে রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় বন্দর ভবনের সম্মেলন কক্ষে জরুরি সভায় উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে। তবে আন্দোলনকারীরা সভায় অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে।
শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করেন বন্দর রক্ষা পরিষদের সমন্বয়ক মো. ইব্রাহিম খোকন। সংগঠনের অন্য তিনটি দাবি হচ্ছে– চেয়ারম্যান এস এম মনিরুজ্জামানকে প্রত্যাহার করা, আন্দোলনকারীদের বিরুদ্ধে নেওয়া শাস্তিমূলক ব্যবস্থা বাতিল করা এবং শ্রমিক নেতাদের বিরুদ্ধে মামলাসহ কোনো আইনি ব্যবস্থা না নেওয়া।
বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক মো. হুমায়ুন কবির জানান, গত ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি আট ঘণ্টা করে এবং ৩ থেকে ৫ ফেব্রুয়ারি বিকেল পর্যন্ত টানা কর্মবিরতি পালন করেছেন তারা। নৌ উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের আশ্বাসে দুদিনের (শুক্রবার ও শনিবার) জন্য কর্মসূচি স্থগিত রাখলেও প্রতিশ্রুতি না রাখায় এবার আওতা বৃদ্ধি করে কঠোর কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
সংবাদ সম্মেলনে বন্দর রক্ষা পরিষদের সমন্বয়ক মো. হুমায়ুন কবির, ডক জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি মো. হারুন, সাধারণ সম্পাদক তসলিম হোসেন সেলিম, কার্যকরী সভাপতি আবুল কাশেম, মার্চেন্ট শ্রমিক ইউনিয়নের সমন্বয়ক ইয়াসিন রেজা রাজু, জাহিদ হোসেন, মো. হারুন, উইন্সম্যান সমিতির ইমাম হোসেন খোকন, শরীফ হোসেন ভুট্টো প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির সাবেক প্রথম সহসভাপতি এম এ সালাম গণমাধ্যমকে বলেন, বন্দরে পণ্য খালাসের অপেক্ষায় থাকা জাহাজগুলোতে অন্তত ৫০ লাখ টন পণ্য আছে। এসব জাহাজের বেশ কয়েকটিতে পোশাকশিল্পের কাঁচামাল আছে। ডিপোতে আমাদের রপ্তানি কনটেইনার জমেছে ১৪ হাজারের বেশি। এখন আবার লাগাতার ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। অপূরণীয় ক্ষতির মুখে আমরা।
এমবি

