বিকাশ, নগদ ও রকেটে লেনদেনের সব বিধিনিষেধ প্রত্যাহার, ফিরল স্বস্তি
অর্থনীতি ডেস্ক
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৩৭
ছবি : সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মোবাইল ও ইন্টারনেট ব্যাংকিংয়ে যে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল, তা তুলে নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ফলে বিকাশ, নগদ ও রকেটের মতো আর্থিক সেবায় টাকা লেনদেনে আর কোনো বাধা রইল না। গতকাল দিবাগত রাত ১২টার পর থেকে গ্রাহকেরা আগের মতোই স্বাভাবিক লেনদেন করতে পারছেন। এতে টাকা পাঠাতে গিয়ে কয়েক দিন ধরে সাধারণ মানুষ যে ভোগান্তিতে পড়েছিলেন, তার অবসান হলো।
নির্বাচনে টাকার অপব্যবহার রোধে বাংলাদেশ ব্যাংক এসব সেবায় সাময়িক বিধিনিষেধের ঘোষণা দেয়। সেই নির্দেশনা অনুযায়ী, গত সোমবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা থেকে গতকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা পর্যন্ত মোট ৯৬ ঘণ্টা মোবাইল ব্যাংকিং ও প্রিপেইড কার্ডে লেনদেনের বিশেষ সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছিল।
বিধিনিষেধ চলাকালে ব্যক্তিগত হিসাবে একবারে সর্বোচ্চ এক হাজার টাকা পাঠানোর সুযোগ ছিল। দিনে সর্বোচ্চ ১০ বার এই লেনদেন করা যেত। একই সঙ্গে ইন্টারনেট ব্যাংকিংয়ে এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির হিসাবে টাকা স্থানান্তরও সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছিল। তবে কেনাকাটার বিল (মার্চেন্ট পেমেন্ট) এবং জরুরি সেবার বিল পরিশোধের সুযোগ অব্যাহত ছিল।
বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, নির্বাচনের সময় এই নির্দেশনার পাশাপাশি যেকোনো অভিযোগ দ্রুত সমাধানের জন্য প্রতিটি মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠানকে বিশেষ কুইক রেসপন্স সেল গঠনের নির্দেশ দেওয়া হয়েছিল। সেই সঙ্গে সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেনের ওপর সার্বক্ষণিক নজরদারি এবং দ্রুত থানায় প্রতিবেদন দেওয়ারও নির্দেশনা ছিল। নির্ধারিত সময়সীমা পার হওয়ায় বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী আজ থেকে লেনদেনের সব কার্যক্রম পুনরায় স্বাভাবিক নিয়মে ফিরেছে।
এমএন

